TMC Bank Account Freeze
Bengal Liberty: মঙ্গলবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালানোর পর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র। এর পরেই তৃণমূল কংগ্রেসের দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ৪৪০ কোটি টাকা ফ্রিজ (লেনদেন স্থগিত) করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির এই পদক্ষেপের পরই পাল্টা বিবৃতি দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল।

দলের তরফে জারি করা বিবৃতিতে দাবি করা হয়েছে, দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সমস্ত অর্থের উৎস সম্পূর্ণ স্বচ্ছ। সমস্ত অনুদানের তথ্য নিয়ম মেনে নির্বাচন কমিশন এবং আয়কর দফতরের কাছে জমা দেওয়া হয়েছে। প্রতি বছরই সেই তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
তৃণমূলের দাবি, নির্বাচনী বন্ড (ইলেক্টোরাল বন্ড) সংক্রান্ত সমস্ত তথ্যও ইতিমধ্যেই কেন্দ্রের কাছে রয়েছে। কারণ, এই বন্ডগুলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র মাধ্যমে ইস্যু করা হয়েছিল এবং পরবর্তীতে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য সুপ্রিম কোর্টেও জমা পড়েছে।

এই পরিস্থিতিতে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে তৃণমূল। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের নিশানা করা বিজেপির মজ্জাগত কৌশলে পরিণত হয়েছে। এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার নীতির ওপর সরাসরি আঘাত বলেও অভিযোগ করেছে রাজ্যের শাসকদল।
তৃণমূল কংগ্রেসের দাবি, ইডির এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি ও স্বেচ্ছাচারী। দল এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছে।

