SRFTI
অশান্তি ছড়াল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে

ভোরের অন্ধকারে ৩০০ পুলিশের অভিযান! পড়ুয়াদের হটিয়ে SRFTI-এর ধরনা মঞ্চ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

গত ২৭ সেপ্টেম্বর থেকে এসআরএফটিআই-তে অশান্তির সূত্রপাত। পড়ুয়াদের একাংশের সঙ্গে ইনস্টিটিউট কর্তৃপক্ষের বিরোধকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। একাধিক দাবিতে আন্দোলনে নামেন পড়ুয়াদের একাংশ। তাঁদের অন্যতম দাবি, উপাচার্যকে পদত্যাগ করতে হবে। এই পরিস্থিতিতে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্লাস বন্ধ থাকলেও আন্দোলন থামেনি। নিজেদের দাবিতে ক্যাম্পাসে ধরনা ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন পড়ুয়ারা।

আন্দোলনরত পড়ুয়াদের দাবি, শনিবার সকাল ৬টা নাগাদ বিপুল সংখ্যক পুলিশকর্মী ক্যাম্পাসে প্রবেশ করেন। তাঁদের মধ্যে কয়েকজনের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল বলেও অভিযোগ। এরপর ধরনা মঞ্চে থাকা চেয়ার, টেবিল-সহ বিভিন্ন সামগ্রী সরিয়ে দেওয়া হয়। ক্যাম্পাসের বাইরে একটি পিকআপ ভ্যানও রাখা হয়েছিল বলে দাবি পড়ুয়াদের। অভিযোগ, ওই গাড়িতে তুলে একাধিক আন্দোলনকারীকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়।

পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদ জানাতে গেলে পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। আন্দোলনকারীদের আরও দাবি, ছাত্রীদের সঙ্গেও পুরুষ পুলিশকর্মীরা টানাহ্যাঁচড়া করেন। কয়েকজন পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। তাঁদের আশঙ্কা, যাতে পুলিশের অভিযানের কোনও ছবি বা ভিডিও বাইরে প্রকাশ না পায়, সেই কারণেই মোবাইল ফোন নেওয়া হয়েছিল। আন্দোলনকারীদের দাবি, সকাল সাড়ে ৭টা পর্যন্ত ক্যাম্পাসে এই পরিস্থিতি চলে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।