Naseeruddin Shah
Naseeruddin Shah

এসআরএফটিআই পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ নাসিরউদ্দিনের

Bengal Liberty : নিজেদের মতাদর্শের সঙ্গে সহমত নন এমন ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছে গেরুয়া শিবির। শনিবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বিতর্কিত এই মন্তব্য করেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুললেন বর্ষীয়ান এই অভিনেতা। বাংলার নির্বাচনে বিজেপির জয়কে ‘কারসাজিপূর্ণ’ বলে দাবি করেন তিনি।
ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ বলেন, বাংলার নির্বাচনে ‘কারসাজিপূর্ণ জয়ের’ পর বিজেপি এখন তাদের বিশ্বাস ও নীতির সঙ্গে সহমত নন, এমন সকলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তৎপর হয়েছে। এমনটাই মনে করেন তিনি। তাঁর অভিযোগ, এই প্রতিহিংসার সাম্প্রতিক শিকার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পড়ুয়া ও ভবিষ্যতের চলচ্চিত্র নির্মাতারা।

বিজেপির বিরুদ্ধে তাঁর আক্রমণাত্মক অভিযোগের এখানেই শেষ নয়! প্রতিষ্ঠানের প্রশাসনের কাছে জবাবদিহি চাওয়ার পর পড়ুয়াদের শোকজ নোটিস দেওয়া হয়েছে, তাঁদের উপর নজরদারি চালানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে এবং শেষ পর্যন্ত হস্টেল ছেড়ে চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অভিনেতা। তাঁর মতে, নিজেদের পক্ষে প্রচার চালানোর পাশাপাশি ভবিষ্যতের চলচ্চিত্র নির্মাতাদের মগজধোলাই করা অথবা ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি। তবে এই চেষ্টা সফল হবে না। মন্তব্য অভিনেতার।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এই তরুণরাই নিজেদের সম্পর্কে, দেশ সম্পর্কে এবং দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সত্য তুলে ধরবেন। তাই এই পরিস্থিতিতে, পড়ুয়াদের দাবির সমর্থনে এগিয়ে আসার জন্য তিনি বিবেকবান নাগরিকদের কাছে আবেদন জানিয়েছেন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।