PM Modi Mann Ki Baat
PM Modi Mann Ki Baat

মস্তিষ্কের থ্রি-ডি ম্যাপিংয়ের উদ্যোগের প্রশংসায় প্রধানমন্ত্রী! ‘মন কি বাত’-এ একাধিক বার্তা মোদির

Bengal Liberty : উৎসবের মরসুমে দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ, গবেষণা ও কৃষিতে উদ্ভাবন—একাধিক বিষয়ে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকাল ১১টায় ‘মন কি বাত’-এর ১৩৯তম পর্বে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। স্থানীয় শিল্পী ও কারিগরদের পাশে দাঁড়ানোর আবেদন জানানোর পাশাপাশি ই-সঞ্জীবনী, মস্তিষ্কের গবেষণা এবং মিলেট চাষের মতো বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। আসন্ন উৎসবের আগে তাঁর বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় ‘ভোকাল ফর লোকাল’ অভিযান।

উৎসবের কেনাকাটায় স্থানীয় কারিগরদের তৈরি সামগ্রীকে অগ্রাধিকার দেওয়ার আবেদন জানিয়ে মোদি বলেন, “আপনার কেনাকাটা তাঁদের উৎসাহ বাড়াবে। আপনার এই আপনত্ব ‘ভোকাল ফর লোকাল’ অভিযানকে আরও এগিয়ে নিয়ে যাবে।” তাঁর বক্তব্য, এই অভিযান যত এগোবে, তত দ্রুত আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণের পথ প্রশস্ত হবে। খাদি ও হস্তশিল্পের জনপ্রিয়তা বৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি জানান, গান্ধী জয়ন্তীতে একদিনেই খাদি গ্রামোদ্যোগের পণ্য বিক্রির পরিমাণ ২৮ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছিল।

স্বাস্থ্যক্ষেত্রে প্রযুক্তির সাফল্যের কথা বলতে গিয়ে ই-সঞ্জীবনী পরিষেবার মাধ্যমে প্রায় ৫০ কোটি টেলি-কনসালটেশনের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রত্যন্ত এলাকার রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়ার ক্ষেত্রে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি, আইআইটি মাদ্রাজের ব্রেন রিসার্চ সেন্টারে মানবমস্তিষ্কের থ্রি-ডি ম্যাপিংয়ের উদ্যোগের প্রশংসা করেন মোদি। তাঁর মতে, এই গবেষণা ভবিষ্যতে আলঝাইমার্স ও ডিমেনশিয়ার মতো রোগ সম্পর্কে আরও গভীর ধারণা পেতে সাহায্য করবে।

কৃষিক্ষেত্রে মিলেট চাষ ও তার ব্যবহার বাড়ানোর উপরেও জোর দেন প্রধানমন্ত্রী। মেঘালয় ও নাগাল্যান্ডে স্থানীয় উদ্যোগে মিলেটের চাষ এবং তা থেকে নতুন খাদ্যপণ্য তৈরির উদাহরণ তুলে ধরেন তিনি। এর ফলে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি ঐতিহ্যবাহী এই শস্যের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে বলে জানান মোদি।

এ ছাড়া, ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে ‘রান ফর ইউনিটি’-তে অংশ নেওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী। আসন্ন দীপাবলি ও ছটপুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে নিরাপদে উৎসব পালনের বার্তাও দেন তিনি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।