Manas Bhunia
Bengal Liberty
সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক(Manas Bhunia) টাকা নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার সবং থানায় হাজির হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। আদালতের নির্দেশ মেনে বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি থানায় পৌঁছান। সেখানে তদন্তকারী আধিকারিকরা তাঁকে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন।


পুলিশ সূত্রে জানা গেছে, সেচ দপ্তরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়ার অভিযোগে সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। তদন্তের স্বার্থে মানস রঞ্জন ভূঁইয়াকে এর আগে একাধিকবার নোটিশ পাঠানো হলেও প্রথম দু’বার তিনি হাজির হননি বলে পুলিশের দাবি। পরে তিনি সেই নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিলে, বৃহস্পতিবার তিনি থানায় হাজিরা দেন। পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় মূল অভিযোগের বিভিন্ন দিক নিয়ে তাঁর বক্তব্য নথিভুক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে বলেও জানা গেছে।
মানস ভুঁইয়া কে জিজ্ঞাসাবাদ(Manas Bhunia)
প্রায় তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও কোনো মন্তব্য করেননি মানস রঞ্জন ভূঁইয়া। অভিযোগ, তদন্ত, আদালতের নির্দেশ বা মামলার কোনো বিষয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে তিনি নীরবে এলাকা ছেড়ে চলে যান।
এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এ প্রসঙ্গে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি অমূল্য মাইতি বলেন, “কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। যেমন দুর্নীতি করেছে, তেমনই শাস্তি হবে। আইন আইনের পথেই চলবে।”
উল্লেখ্য, অভিযোগগুলি এখনও তদন্তাধীন। এই মামলার বিষয়ে আদালতের চূড়ান্ত রায় বা তদন্তকারী সংস্থার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও প্রকাশিত হয়নি।


