Ayodhya Ram Mandir
Bengal Liberty
অযোধ্যার রামমন্দিরে প্রণামীর নগদ অর্থ ও সামগ্রী চুরির ঘটনাকে সমাজের নৈতিক অবক্ষয়ের ইঙ্গিত দেখলেন এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি অতুল শ্রীধরন (Ram Mandir)। একটি উচ্ছেদ সংক্রান্ত মামলার শুনানিতে তিনি মন্তব্য করেন, রামমন্দিরে চুরির মতো ঘটনাও যদি দেশজুড়ে মানুষের ক্ষোভের কারণ না হয়, তবে তা সমাজের মৌলিক নৈতিকতার পতনেরই প্রতিফলন। তাঁর পর্যবেক্ষণ, দুর্নীতি দেখতে দেখতে সাধারণ মানুষ এতটাই অভ্যস্ত হয়ে পড়েছেন যে, ধরা না পড়া পর্যন্ত অনেকেই তা ভুল বলেও মনে করেন না।

দুর্নীতিতে অভ্যস্ত সমাজ
বিচারপতি শ্রীধরন তাঁর পর্যবেক্ষণে ‘ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল ২০২৫’-এর প্রতিবেদনের উল্লেখ করে বলেন, ১৮২টি দেশের মধ্যে দুর্নীতির সূচকে ভারতের স্থান ৯১-এ। তবুও সমাজে সেই নিয়ে পর্যাপ্ত আত্মসমালোচনা বা লজ্জাবোধের অভাব রয়েছে বলেই তিনি মন্তব্য করেন। রামমন্দিরে প্রণামী চুরির ঘটনাকে তিনি নৈতিক সততার ‘অধঃপতনের’ প্রতীক বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ৭ জুন রামমন্দিরে প্রণামী চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন এবং বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়।

এখনও পর্যন্ত এই মামলায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে পাঁচজন সরাসরি চুরির সঙ্গে জড়িত এবং তাঁদের সকলেই ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সদস্যদের একাংশের ঘনিষ্ঠ বলে পরিচিত।

