Falta
Bengal Liberty: ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন বিতর্ক। ফলতা (Falta) কেন্দ্র থেকে উঠে এসেছে গুরুতর অভিযোগ। মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা বিষয়টা তিনি X-পোস্টের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন। একটি ফোন কল রেকর্ডও ফাঁস হয়েছে তাঁর সমাজমাধ্যম থেকে।

অডিও ক্লিপে অভিযোগ (Falta)
সংশ্লিস্ট অডিও ক্লিপে ফলতারই এক BLO (Booth Level Officer) অভিযোগ করেছেন যে, স্থানীয় BDO এবং ARO বিকেল ৩টের পর সমস্ত BLO-দের ফোন করে নির্দেশ দিয়েছেন—ডেথ সার্টিফিকেট ছাড়া মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। অভিযোগে বলা হয়েছে, পরিবারের সদস্যরা এনুমারেশন ফর্মে মৃত ব্যক্তির তথ্য জমা দিয়ে স্বাক্ষর করলেও সে ফর্ম আপলোড করা যাবে না। BLO-দের নির্দেশ দেওয়া হয়েছে, ফর্ম আপলোড না-করে কেসগুলো ‘আনম্যাপ’ করে রাখতে। অভিযোগ, এভাবে তালিকায় মৃতদের নাম রেখে ছাপ্পা ভোট দেওয়ার ক্ষেত্র তৈরি রাখা হচ্ছে।
অভিযোগ, স্থানীয় দুষ্কৃতী এবং ‘জাহাঙ্গীর বাহিনী’ বাড়ি-বাড়ি গিয়ে BLO-দের পরিবারকে হুমকি দিচ্ছে, যাতে তাঁরা ডেথ সার্টিফিকেট না-দেন।
বিজেপি নেতাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রশাসনের কিছু অংশকে ব্যবহার করে মৃত ভোটারদের নাম রেখে দেওয়ার চেষ্টা চলছে তৃণমূল। গোটা বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারীর তরফে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাশাপাশি, দাবি করা হচ্ছে, ফলতার BDO ও ARO-র বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

