Bengal Liberty: অভিনব কায়দায় অন্ধ্রপ্রদেশের তিরুপতির একটি নামী শোরুমের দেওয়াল কেটে চুরি গিয়েছিল প্রায় দেড় কোটি টাকার ২০০টি আইফোন। আর সেই বিপুল পরিমাণ দামি ফোনগুলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় যৌথ অভিযান চালিয়ে বানচাল করে দিল অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ পুলিশ। এক সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় এই চোরাচালানের ঘটনা! এই ঘটনায় আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক পাচার চক্রের মোট চারজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

তিরুপতির শোরুমে ধুরন্ধর চুরির ছক (Farakka iPhone smuggling)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ আগস্ট অন্ধপ্রদেশের পবিত্র তীর্থক্ষেত্র তিরুপতির একটি সুপরিচিত আইফোন শোরুমের দেওয়াল কেটে ভেতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। চোখের পলকে প্রায় ২০০টি দামি আইফোন বস্তাবন্দি করে চম্পট দেয় তারা। ঘটনার তদন্তে নেমে আধুনিক প্রযুক্তির সাহায্যে চুরি যাওয়া ফোনগুলির গতিবিধি ট্র্যাক করা শুরু করে অন্ধ্রপ্রদেশ পুলিশ। আর সেই সূত্র ধরেই চাঞ্চল্যকর তথ্য হাতে আসে গোয়েন্দাদের। জানা যায়, অন্ধ্রপ্রদেশ থেকে চুরি যাওয়া ওই ফোনগুলি সরাসরি নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কায়। উদ্দেশ্য একটাই— ফারাক্কার রুট ব্যবহার করে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ফোনগুলি বাংলাদেশে পাচার করে দেওয়া।

ফারাক্কার লোহাপট্টিতে সিনেমার কায়দায় যৌথ অভিযান (Farakka iPhone smuggling)
গোপন সূত্রে সুনির্দিষ্ট খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি বিশেষ দল সোজা চলে আসে ফারাক্কায়। এরপর ফারাক্কা থানার পুলিশকে সঙ্গে নিয়ে নিউ ফারাক্কার লোহাপট্টি এলাকায় একযোগে সাঁড়াশি অভিযান চালানো হয়। রাতভর তল্লাশির পর অবশেষে লোহাপট্টির একটি গোপন আস্তানা থেকে উদ্ধার হয় চুরি যাওয়া প্রায় ২০০টি আইফোন, যার বর্তমান আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১.৫ কোটি টাকা।
আরও খবর
এই অভিযানে পুলিশ চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছে ফারাক্কা ব্যারেজ আবাসনের বাসিন্দা মহম্মদ আসমাউল হক এবং ঝাড়খণ্ডের রাধানগরের বাসিন্দা নাসির উদ্দিন শেখ, টনিক শেখ ও আলাম শেখ। শুক্রবার সকালে ধৃতদের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় অন্ধ্রপ্রদেশ পুলিশ। তাদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে এই চক্রের পিছনে বড় কোনো আন্তর্জাতিক র্যাকেট বা প্রভাবশালী কার মাথা রয়েছে, তা বের করার চেষ্টা চলছে। এই সফল অভিযানে সীমান্ত এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/15/north-kolkata-durga-puja/


