Indigo Flight Cancellations
Bengal Liberty: একটানা পর পর ৬ দিন, বিপর্যস্ত ইন্ডিগোর বিমান (Indigo Flight) পরিষেবা। একের পর এক উড়ান বাতিল (Flight Cancelled)। যাত্রীভোগান্তির ছ’দিন অতিক্রান্ত হওয়ার পরেও ইন্ডিগো যা-ই দাবি করুক না কেন, সপ্তম দিনেও তাদের বিমান পরিষেবা স্বাভাবিক হল না।
আজ, সোমবারও তাদের ৩০০-র উপর বিমান বাতিল করা হয়েছে। শুধু দিল্লি বিমানবন্দরেই বাতিল হয়েছে ১৩৪টি বিমান। তার মধ্যে ৫৯টির দিল্লি বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। আর ৭৫টির বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। এ দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৬০টি উড়ান বাতিলের খবর পাওয়া গিয়েছে।
বেঙ্গালুরু বিমানবন্দরে বাতিল হয়েছে ইন্ডিগোর ১২৭টি উড়ান। চেন্নাই বিমানবন্দরে বাতিল হওয়া বিমানের সংখ্যা ৭১টি। সোমবার আহমেদাবাদ বিমানবন্দরে বাতিল হয়েছে ইন্ডিগোর ২০টি বিমান। বিশাখাপত্তনম, কলকাতা, মুম্বই বিমানবন্দর থেকেও বেশ কয়েকটি বিমান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার ইন্ডিগোর ৬৫০টি উড়ান বাতিল করা হয়েছিল। ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, রবিবার তাদের ১,৬৫০টি উড়ান নির্ধারিত সূচি মেনে চলেছে।
বিমান বাতিলের জেরে চরম সমস্যার মুখে পড়া যাত্রীদের সমস্ত টাকা রবিবার রাত ৮টার মধ্যে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ইন্ডিগো-কে কেন্দ্রের তরফে। রবিবার সন্ধ্যায় কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, এখনও পর্যন্ত যাত্রীদের টিকিট-ভাড়া বাবদ মোট ৬১০ কোটি টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো। বাকি টাকাও ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে। এ ছাড়া, যাত্রীদের ৩,০০০-এরও বেশি মালপত্রও ফিরিয়ে দিয়েছে ওই বিমানসংস্থা।
উল্লেখ্য, বৃহস্পতিবার সারা দিনে মোট ৫৫০টি, শুক্রবার হাজারেরও বেশি ও শনিবার আটশোর বেশি বিমান বাতিল করতে হয়েছিল ইন্ডিগো বিমান সংস্থাকে।
