Partha Chaterjee
Bengal Liberty: দীর্ঘদিন হাজতবাসের পর বাড়ি ফিরছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। তিন বছর পর বাড়ি ফিরেও ফের হাসপাতালে চিকিৎসাধীন জামিনে মুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার নাকতলার বাসভবন বিজয়কেতনে স্নানঘরে পড়ে গিয়ে বাঁ হাতে আঘাত পান পার্থ। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি করার নিদান দেন চট্টোপাধ্যায় পরিবারের চিকিৎসক। শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বাইপাসের ওই হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, শেষ মাস আটেক কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মূল চক্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি নিয়ে গত কয়েকবছর ধরেই উত্তাল বাংলা। মূল চক্রী অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালের জুলাই থেকে ২০২৫-এর নভেম্বর। প্রায় সাড়ে তিনবছর পর ১১ নভেম্বর মুক্তির স্বাদ পান পার্থ চট্টোপাধ্যায়। বাড়ি ফিরে প্রথম দু’দিন নিজের অনুগামীদের সঙ্গে প্রকাশ্যে দেখা করার পাশাপাশি সংবাদমাধ্যমে ঢালাও বিবৃতি দিয়েছিলেন পার্থ। তবে হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যান তিনি। কোথাও বেরোতে দেখা যায়নি তাঁকে। সেই সময়ই নিজের বাসভবনের স্নানঘরে পড়ে গিয়ে আহত হয়ে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। সম্প্রতি মামলার শুনানিতে পার্থ উপস্থিত না থাকায় আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করে জানিয়ে দিয়েছে —এ ধরনের গাফিলতি চলতে পারে না। আদালতের পর্যবেক্ষণ, “ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তাঁর জামিন বাতিল করা হবে।”শুনানিতে আইনজীবীর মাধ্যমে জানানো হয়, শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারেননি। কিন্তু আদালত সেই যুক্তি মানতে নারাজ। পাশাপশি আগামী শুনানিতে অবশ্যই হাজির থাকার নির্দেশ দেয় আদালত।
পার্থ চট্টোপাধ্যায়ের পরিবার সূত্রে জানা গেছে, বাঁ হাতে গুরুতর চোট পেলেও, তাঁর হাত ভাঙেনি। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখনই হাসপাতাল থেকে পার্থকে ছুটি দেওয়া হবে না। আরও কদিন তাঁকে হাসপাতালের বিশেষ কেবিনে থাকতে হবে।
