Bengal Liberty
২৬ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও সময় চাইল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন (Teacher Recruitment)। সুপ্রিম কোর্টের দেওয়া বর্ধিত সময়সীমা শেষ হচ্ছে সোমবার। তার আগেই নিয়োগপ্রক্রিয়া শেষ করার জন্য আগামী বছরের ৩১ মে পর্যন্ত সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কমিশন। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সচিন সচদেবার বেঞ্চে এই আবেদনের শুনানি হওয়ার কথা। SSC সূত্রে খবর, গত বছর নেওয়া শিক্ষক নিয়োগ পরীক্ষার ‘অ্যানসার কি’ নিয়ে বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়েছে। মোট ৪৪টি বিষয়ের পরীক্ষায় বিষয়ভিত্তিক প্রায় ১ লক্ষ ২৯ হাজার অভিযোগ এসেছে। সেই অভিযোগগুলি খতিয়ে দেখতে রিভিউ কমিটি গঠন করা হয়েছে। কমিশনের দাবি, অভিযোগ যাচাই করতে যথেষ্ট সময় প্রয়োজন।

৫ লক্ষের বেশি OMR স্ক্যান Teacher Recruitment
নিয়োগপ্রক্রিয়ায় আরও একটি বড় সমস্যা হিসেবে OMR স্ক্যানিংয়ের কথা জানিয়েছে SSC। ৫ লক্ষেরও বেশি OMR স্ক্যান করতে গিয়ে সমস্যা দেখা দিয়েছিল। ফলে বেশ কিছু OMR তিন বার পর্যন্ত স্ক্যান করতে হয়েছে। এই কাজের জন্যও অতিরিক্ত সময় প্রয়োজন বলে আদালতকে জানাতে চলেছে কমিশন।
আরও খবর

OBC নীতি নিয়েও জটিলতা
নিয়োগপ্রক্রিয়া বিলম্বিত হওয়ার অন্যতম কারণ হিসেবে OBC সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কথাও জানিয়েছে SSC। কমিশনের বক্তব্য, পূর্বতন সরকারের নীতি অনুযায়ী নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছিল। বর্তমানে পরিস্থিতি বদলেছে। OBC সংক্রান্ত আদালতের নির্দেশের পর কীভাবে এগোনো হবে, সে বিষয়ে রাজ্যের কাছ থেকেও নির্দেশ চাওয়া হয়েছে।

সম্প্রতি কলকাতা হাই কোর্টও নতুন নিয়মে জারি হওয়া OBC শংসাপত্র নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। ফলে সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি নিয়োগপ্রক্রিয়ায় নতুন করে জটিলতা তৈরি করেছে বলে কমিশনের দাবি। কমিশনের আরও দাবি, বিধানসভা নির্বাচনের আগে চেয়ারম্যান এবং পাঁচ জ়োনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ছিলেন। ভোটের পর তাঁদের একাংশ পদত্যাগ করায় প্রশাসনিক কাজেও প্রভাব পড়েছে। ফলে নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে অতিরিক্ত সময় প্রয়োজন।
একাদশ-দ্বাদশে এগিয়েছে নিয়োগ
তবে একাদশ-দ্বাদশের নিয়োগপ্রক্রিয়ায় ইতিমধ্যেই বেশ কিছুটা অগ্রগতি হয়েছে। মোট ৩৩টি বিষয়ের মধ্যে ২১টির কাউন্সেলিং শেষ হয়েছে। ৩,৫৮৬ জনকে নিয়োগের সুপারিশ পর্ষদের কাছে পাঠিয়েছে SSC। অন্যদিকে নবম-দশমের ইন্টারভিউ তালিকাও তৈরি হয়ে গিয়েছে। নিয়োগপ্রক্রিয়া নিয়ে দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, “আমরা চাই দ্রুত নিয়োগপ্রক্রিয়া শেষ হোক। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে। দ্রুত নিয়োগপ্রক্রিয়া শেষ করে যোগ্যরা যাতে চাকরি পান, তা নিশ্চিত করা হোক।”
প্রসঙ্গত, ২০১৬ সালের সম্পূর্ণ শিক্ষক নিয়োগ প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। এরপর আদালতের নির্দেশে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু হয় এবং গত বছরের সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রথমে নিয়োগপ্রক্রিয়া শেষ করার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। পরে SSC-র আবেদনের ভিত্তিতে সেই সময়সীমা বাড়িয়ে ৩১ অগস্ট করা হয়। এবার ফের আরও আট মাস সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কমিশন।


