Bengal Liberty : কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি জট কাটেনি। ফলে আপাতত কলকাতার পুরভোট নিয়েও অনিশ্চয়তা কাটছে না। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা ফের কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালতের প্রস্তাব, ডিভিশন বেঞ্চ মামলাটি নিয়ে চূড়ান্ত অবস্থান না জানানো পর্যন্ত পুরভোট স্থগিত রাখা হোক। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কোনও নতুন অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। ফলে পুরভোট ঘোষণার উপর হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত বহাল থাকছে। আগামী ৩০ নভেম্বর, সোমবার এই মামলার পরবর্তী শুনানি।
ডিভিশন বেঞ্চেই নির্ধারিত হতে পারে পুরভোটের ভবিষ্যৎ
বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলাটি হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব দেয় শীর্ষ আদালত। সেখানে মামলার যাবতীয় আইনি ও তথ্যগত দিক খতিয়ে দেখা হবে। তার পর প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবে ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি স্পষ্ট করেন, আপাতত হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল থাকবে। ডিভিশন বেঞ্চ নিজেদের অবস্থান স্পষ্ট না করা পর্যন্ত পুরভোট স্থগিত রাখার প্রস্তাবও দিয়েছে শীর্ষ আদালত।
রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুপ্রিম কোর্টের প্রস্তাবের পর তিনি মামলাটির পরবর্তী শুনানি সোমবার করার আবেদন জানান। তাঁর বক্তব্য, ওই দিন আদালতের প্রস্তাবের বিষয়ে রাজ্য নিজেদের অবস্থান জানাবে। সেই আবেদন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। ফলে আগামী ৩০ নভেম্বর ফের মামলাটির শুনানি হবে।
আরও খবর
কলকাতা ও হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাস ঘিরে বিতর্ক
সম্প্রতি কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। অন্য দিকে, হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিলও রাজ্য বিধানসভায় পাশ হয়েছে। এই পুনর্বিন্যাসের বৈধতা নিয়েই শুরু হয়েছে আইনি লড়াই। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বেআইনি বলে অভিযোগ তুলে গত ১১ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন সিপিএম নেত্রী দীপু দাস। একই অভিযোগে হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের বিরুদ্ধেও মামলা দায়ের করেন সিপিএম নেতা তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ এবং মধ্য হাওড়া কেন্দ্রের বিধানসভা নির্বাচনের প্রার্থী ইমতিয়াজ আহমেদ।
বর্তমানে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। অন্য দিকে, হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলাটি এখনও কলকাতা হাই কোর্টে বিচারাধীন। ফলে দুই পুরসভার নির্বাচন ঘিরেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।


