Amit Shah
Amit Shah

মাতৃহারা সংঘ নেতা সুব্রতকে অমিত শাহের সমবেদনা, চিঠিতে লিখলেন গীতার বাণী!

Bengal Liberty : মাতৃবিয়োগে শোকাহত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বর্ষীয়ান কার্যকর্তা তথা পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়। তাঁর এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে সমবেদনা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিঠিতে শোকপ্রকাশের পাশাপাশি স্মরণ করিয়ে দিলেন শ্রীমদ্ভগবদ্গীতার বাণী। বুধবার পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচড়া গ্রামে সুব্রতর বাড়িতে পৌঁছয় সেই চিঠি। অন্যদিকে, বুধবার রাতেই সুব্রতর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সুব্রতকে পাঠানো চিঠিতে শাহ জানিয়েছেন, তাঁর মায়ের প্রয়াণের খবর পেয়ে তিনি অত্যন্ত মর্মাহত। মায়ের চলে যাওয়ার ফলে জীবনে যে শূন্যতার সৃষ্টি হয়, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই কঠিন সময়ে সুব্রত ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শোক কাটিয়ে ওঠার জন্য ভারতীয় শাস্ত্র থেকে সাহস ও শক্তি সঞ্চয়ের কথাও উল্লেখ করেছেন তিনি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করিয়ে শাহ লিখেছেন, যাঁর জন্ম হয়েছে, তাঁর মৃত্যু অবশ্যম্ভাবী এবং যাঁর মৃত্যু হয়েছে, তাঁর পুনর্জন্মও নিশ্চিত। জন্ম ও মৃত্যু প্রকৃতির অনিবার্য নিয়ম।

গত ১৭ নভেম্বর প্রয়াত হন সুব্রতর মা নমিতা দেবী। তাঁর প্রয়াণের পর থেকেই পাঁচড়ার বাড়িতে আসছেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব, মন্ত্রী, সাংসদ এবং সংঘের একাধিক কর্তা । বুধবার কোচবিহারে কর্মসূচি সেরে রাতে সুব্রতর বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রয়াত নমিতা দেবীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল, পুলিশ সুপার এমএস পুষ্প-সহ জেলার কয়েকজন বিধায়ক।

সুব্রতর বাড়িতে বসেই জেলাশাসককে একাধিক প্রশাসনিক নির্দেশ দেন শুভেন্দু। দুই মহিলা আধিকারিকের নেতৃত্বে জেলার প্রশাসনিক কাজকর্ম ভাল ভাবে চলছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পাঁচড়া গ্রামের রাস্তার বেহাল অবস্থা নিয়েও জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এর পরেই উঠে আসে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গ। বাংলাদেশ থেকে আসা মানুষদের যাতে কোনও ভাবেই হয়রানির মুখে পড়তে না হয়, সে দিকে নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কেউ আনন্দে নিজের দেশ ছেড়ে আসেননি। দুঃখ ও পরিস্থিতির তাড়নাতেই তাঁদের এপারে আসতে হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সিএএ-র আওতায় সমস্ত যোগ্য আবেদন নিষ্পত্তির নির্দেশও দেন শুভেন্দু। এই প্রসঙ্গে নিজের মায়ের স্মৃতিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, তাঁর মা বরিশালের বাসিন্দা ছিলেন। ফলে দেশভাগের যন্ত্রণা তিনি আরও বেশি করে উপলব্ধি করেন। প্রায় আধ ঘণ্টা সুব্রতর পরিবারের সঙ্গে সময় কাটানোর পর কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবরও সংঘের এক বর্ষীয়ান কার্যকর্তার মাতৃবিয়োগের পর তাঁর পরিবারের পাশে দাঁড়াতে পূর্ব বর্ধমানে এসেছিলেন শুভেন্দু। সে দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যবঙ্গের প্রান্ত প্রচারক শ্রীকৃষ্ণ মণ্ডলের মায়ের প্রয়াণে সমবেদনা জানাতে পালসিটে তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।