fake voter card found in west bengal's nadia
Bengal liberty: রাজ্যে চলা SIR-এর আবহে গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা ঘটেছে। এমনকী বেশ কয়েকটি জায়গা থেকে আধার কার্ড উদ্ধারের ঘটনাও ঘটেছে। আর এ বার SIR নিয়ে চাপানউতরের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার শান্তিপুরের উদয়পুর এলাকায়। SIR– এর আবহে ফের একবার উদ্ধার হল রাশি রাশি ভোটার কার্ড। ১২ নম্বর জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হল বস্তাবন্দি ভোটার কার্ড।
কী ঘটনা? (fake voter card)
জানা গিয়েছে, আজ, বুধবার সকালে স্থানীয় মানুষজনই প্রথম দেখতে পান, ১২ নম্বর জাতীয় সড়কের পাশে পড়ে থাকা আবর্জনার মধ্যে কয়েকটি বস্তা। সেগুলি খুলতেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। বস্তা থেকে উদ্ধার হয় রাশি রাশি ভোটার কার্ড।স্থানীয়দের দাবি, বস্তায় প্রায় চারশো থেকে পাঁচশো ভোটার কার্ড রাখা ছিল। গোটা এলাকায় খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভিড় জমে যায় সেখানে। খবর দেওয়া হয় শান্তিপুর থানাতেও। পুলিশ এসে সেগুলিকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে কী জানা যাচ্ছে? (fake voter card)
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি উত্তর ২৪ পরগণার। কিন্তু জাতীয় সড়কের ধারে কীভাবে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। এমনকী রাতের অন্ধকারে ওই বস্তা ফেলে গেল কারা তা নিয়েও প্রশ্ন উঠছে। ইতিমধ্যে ভোটার কার্ডে নাম থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে পুলিশ বলে জানা গিয়েছে।
অপরদিকে, রাত পোহালেই কৃষ্ণনগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, বৃহস্পতিবার কৃষ্ণনগরের গর্ভমেন্ট কলেজের মাঠে জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ১২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়েই যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর কনভয়। তার আগে নদিয়ার শান্তিপুরের উদয়পুর ১২ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে দানা বেঁধেছে বিতর্ক।
