Bengal Liberty : শনিবার দিল্লিতে বিক্ষোভ চলাকালীন বাংলা সাহিব গুরুদ্বারের পবিত্রতা নষ্ট করা হয়েছে। গুরুতর এই অভিযোগ উঠল আপের বিরুদ্ধে। এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ একাধিক আপ নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি। এই কমিটির সভাপতি হরমিত সিং কালকা এবং শিখ নেতারা দিল্লির পার্লামেন্ট স্ট্রিট ডিসিপি অফিসে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ চলাকালীন ওই গুরুদ্বারের পবিত্রতা নষ্ট করেছেন আপ নেতারা। আর সেই ঘটনার বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়েছেন সোশাল মিডিয়ায়।
কেজরিওয়াল-সহ আপ নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের
জানা যাচ্ছে, শনিবার যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন পুলিশি বাধার মুখে পড়ে বহু বিক্ষোভকারী গুরুদ্বার চত্বরে আশ্রয় নেন। এই সময় আপের কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে গুরুদ্বারের ভিতরে ঢুকে ব্যাগ থেকে প্ল্যাকার্ড ও ব্যানার বের করে রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেন। স্বাভাবিকভাবেই এই ঘটনা গুরুদ্বারের মর্যাদা ও ধর্মীয় শৃঙ্খলা লঙ্ঘন করে। গোটা ঘটনায় শিখদের ভাবাবেগে আঘাত লেগেছে। এমনটাই দাবি শিখ সংগঠনের।
তাই প্রত্যেককে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পুরো ঘটনার ভিডিও পুলিশের হাতে তুলে দিয়েছে গুরুদ্বার কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এর পাশাপাশি কে তাঁদের সংগঠিত করে গুরুদ্বারে ঢুকিয়েছে তাঁকেও খুঁজে বের করার দাবি জানানো হয়েছে পুলিশের কাছে। এদিকে গুরুদ্বার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “গুরুদ্বারকে দুর্গ বানাবেন না। গুরুদ্বারা উপাসনার জায়গা। এটি রাজনীতির আখড়া নয়। আপ নেতা-কর্মীরা যা করেছেন সেটি অত্যন্ত ঘৃণ্য রাজনীতি।”
যদিও আম আদমি পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাদের নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ করা হচ্ছে।


