Bengal liberty : পরের বছর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। তার কয়েক মাস আগে থেকেই বিজেপি ও সমাজবাদী পার্টি দুই পক্ষই একে অপরকে চ্যালেঞ্জ ছেড়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স মাজ বাদী পার্টি নেতা অখিলেশ যাদবকে দম থাকলে অযোধ্যা থেকে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অন্যদিকে অখিলেশও যোগীকে নিশানা করে বলেছেন, উনি আগে নিজে ভোটে দাঁড়াতে পারবেন কিনা সেটা নিশ্চিত করুক। সব মিলিয়ে উত্তর প্রদেশে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করেছে।
গত লোকসভা ভোটে ফৈজাবাদ লোকসভা কেন্দ্র থেকে হারের মুখ দেখতে হয়েছিল বিজেপিকে। এই ফৈজাবাদ কেন্দ্রটির মধ্যেই অযোধ্যা পড়ে। অযোধ্যায় যেখানে রাম মন্দির রয়েছে, সেখান থেকে বিজেপির হার যোগী আদিত্যনাথের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে যোগী অখিলেশকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, তিনি যেন অযোধ্যা থেকে ভোটে দাঁড়ান। তাঁকে হারাতে তিনি নিজে সেখান থেকে দাঁড়াবেন। একই সঙ্গে অখিলেশের বিরুদ্ধে তোপ দেগে যোগী জানিয়েছেন, অযোধ্যার উন্নয়নে তেমন ধ্যান দেননি অখিলেশ। অখিলেশ যখন ক্ষমতায় ছিলেন, তখন অযোধ্যার উন্নয়নের জন্য কিছু করেন নি।
যোগীর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর পালটা বক্তব্য রেখেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। অখিলেশ জানিয়েছেন, যোগী আগে নিশ্চিত করুন তিনি নিজে ভোটে লড়ার ছাড়পত্র পাবেন কিনা। তারপর অন্যকে ভোটে দাঁড়াতে বলবেন। উনি এই ধরনের কথা বলার মতো জায়গায় আছেন কিনা, সেই প্রশ্নও তুলেছেন অখিলেশ।


