Sabyasachi Dutta
Sabyasachi Dutta

তোলাবাজি মামলায় শর্তসাপেক্ষে জামিন, এক মাসের জন্য জেলমুক্তি সব্যসাচী দত্তের

Bengal Liberty : তোলাবাজি মামলায় জামিন পেলেন সব্যসাচী দত্ত। এক মাসের জন্য শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস। তদন্তে সহযোগিতা করার শর্তেই এই জামিন মঞ্জুর করা হয়েছে। সব্যসাচী দত্তের বিরুদ্ধে ২.৩ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে।

অভিযোগ, ২০১৮ সালে এক ব্যবসায়ীর কাছ থেকে ২.৩ লক্ষ টাকা নিয়েছিলেন সব্যসাচী দত্ত। রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি ও হুমকির অভিযোগ সামনে এসেছে। সেই সূত্রে গ্রেফতার হয়েছেন বহু নেতা-মন্ত্রী। গত জুন মাসে সেই তালিকায় নাম যুক্ত হয় সব্যসাচী দত্তের। রাজারহাটের একটি ফ্ল্যাট থেকে বিধাননগরের প্রাক্তন পুরপ্রধান সব্যসাচী দত্তকে গ্রেফতার করে পুলিশ।

এর পর থেকে মামলাটি নিয়ে তদন্ত চলছিল। তদন্তে নেমে পুলিশ সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ নদিয়ার এক তৃণমূল নেত্রীকেও জিজ্ঞাসাবাদ করে। তদন্তের সূত্রে ওই নেত্রীর কাছ থেকে কেজি কেজি সোনা উদ্ধার করা হয়েছিল বলেও জানা গিয়েছে।

সব্যসাচী দত্তের গ্রেফতারির পর পুলিশ তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে। প্রায় ১,৭৩০ পাতার ওই চার্জশিটে তাঁর বিরুদ্ধে একাধিক তথ্য ও অভিযোগের উল্লেখ করা হয় বলে জানা গিয়েছে। এর পর বারাসত আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। অবশেষে মঙ্গলবার এক মাসের জন্য শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করল আদালত।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।