Bengal Liberty : শান্তির আলোচনা ঘিরে যখন নতুন করে আশার আলো দেখছে বিশ্ব, ঠিক সেই আবহেই ফের রক্তাক্ত ইউক্রেন। এবার ইউক্রেনের ব্যস্ত রেলস্টেশনে আছড়ে পড়ল রুশ ড্রোন। বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ইউক্রেনের দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে এই ভয়াবহ হামলার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যুদ্ধের মাঝে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের উঠছে একাধিক প্রশ্ন।
প্রাথমিক সূত্র অনুযায়ী, দিনিপ্রো রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে আঘাত হানে রাশিয়ার জেটচালিত ড্রোন। সেই সময় সেখানে জাপোরিঝঝিয়ার উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল একটি যাত্রীবাহী ট্রেন। ইউক্রেনের রাষ্ট্রীয় রেল সংস্থা উক্রজালিজনিতসিয়া জানিয়েছে, ট্রেন নম্বর ৮৬৬-এর পাশের প্ল্যাটফর্মেই আছড়ে পড়ে ড্রোনটি। সেই সময় স্টেশনে উপস্থিত ছিলেন বহু যাত্রী।
এই হামলায় এখনও পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানঝা। যদিও পরবর্তী কিছু প্রতিবেদনে আহতের সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। ফলে হতাহতের সংখ্যা নিয়ে এখনও কিছুটা অস্পষ্টতা রয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল, চিকিৎসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ চালাচ্ছে।
আরও খবর
ইউক্রেনের দিনিপ্রো শহরে এই হামলার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক পরিস্থিতি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি তুলেছেন। অন্যদিকে, যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা চললেও ময়দানে হামলা-পাল্টা হামলা অব্যাহত। ফলে আদৌ কবে থামবে এই রক্তক্ষয়ী সংঘাত, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ১, ৭০৯ দিন অতিক্রম করে গেলেও এখনও দুই দেশের মধ্যে টানাপোড়েন অব্যাহত আদৌ কী দুই দেশের মধ্যে শান্তি আলোচনা সম্ভব? তাই নিয়েই উঠছে প্রশ্ন।


