Bengal Liberty : ইংলিশ প্রিমিয়ার লিগ হোক, লা লিগা কিংবা ইতালির সিরি আ—প্রতিটি প্রতিযোগিতাতেই থাকে একাধিক বড় ম্যাচ। যেমন, লা লিগায় এল ক্লাসিকো বা মাদ্রিদ ডার্বি, সিরি আ-তে মিলান ডার্বি কিংবা জুভেন্টাস বনাম তোরিনো। তবে বড় ম্যাচের তালিকায় অনেকটাই এগিয়ে রয়েছে প্রিমিয়ার লিগ। ম্যানচেস্টার ডার্বি থেকে শুরু করে লন্ডন ডার্বি কিংবা বহু প্রতীক্ষিত নর্থ লন্ডন ডার্বি—প্রতিটি ম্যাচ ঘিরেই সমর্থকদের মধ্যে আলাদা উন্মাদনা লক্ষ করা যায়। এমনকি ম্যাচের ফলাফলের উপরেই নির্ভর করে অনেক সমর্থকের সারাদিনের ভালো বা খারাপ থাকা।
এমনই এক বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামের বিরুদ্ধে ২-০ গোলে হারের পর এবার ম্যানচেস্টার ইউনাইটেডকেও একই ব্যবধানে পরাস্ত করল চেলসি। পরিসংখ্যান, আত্মবিশ্বাস কিংবা গোলের ব্যবধান—সব ক্ষেত্রেই ইউনাইটেডকে পিছনে ফেলে দিল ব্লু বাহিনী। এই ম্যাচের পর আবারও প্রশ্ন উঠছে, দলের এমন পারফরম্যান্সের পর কি কোচের দায়িত্ব থেকে মাইকেল ক্যারিককে সরানো হবে? মাঠে কোনও কার্যকর রণকৌশল, পরিকল্পনা কিংবা জয়ের তাগিদ—কোনও কিছুরই যেন দেখা মেলেনি। মনে হচ্ছিল, চেলসি একাই খেলছে। আরও একটি হতাশাজনক হারের পর ২০ বারের লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা যে এতটা খারাপ হতে পারে, তা সত্যিই অনেকের কল্পনার বাইরে।
প্রথমার্ধে কোনও দলই খুব একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি। পরিস্থিতি বুঝে সতর্কতার সঙ্গেই খেলেছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ১৫ মিনিটে উইলিয়ানের গোল বাতিল হওয়ার পরেও মাঝমাঠে বেশ দাপটের সঙ্গেই খেলেছে চেলসি। তবে শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধের খেলা। কিন্তু বিরতির পরেই ম্যাচের চিত্র সম্পূর্ণ বদলে যায়।
আরও খবর
দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ব্লু বাহিনী। ৫০ মিনিটে রোগার্সের গোলে এগিয়ে যায় চেলসি। এই গোলের পরেই কার্যত ঘরের মাঠে তিন পয়েন্ট নিশ্চিত করার পথে এগিয়ে যায় তারা। এরপর ৬৪ মিনিটে পালমারের পেনাল্টি থেকে করা দ্বিতীয় গোল ম্যাচের ফলাফল প্রায় নিশ্চিত করে দেয়। ৬৫ মিনিটে মার্টিনেজের লাল কার্ড দেখার পর ম্যানচেস্টার ইউনাইটেড কার্যত অসহায় হয়ে পড়ে। শেষ পর্যন্ত রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ২-০ গোলের জয় নিশ্চিত করে চেলসি।
এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এল ব্লু বাহিনী। অন্যদিকে, আবারও হারের মুখে পড়ে চাপে রেড ডেভিলসরা। চ্যাম্পিয়নস লিগে রোমার বিরুদ্ধে মাঠে নামার আগে আরও একটি পরাজয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারবে কি ক্যারিকের দল? নাকি অব্যাহত থাকবে তাদের পরাজয়ের ধারা? এই সমস্ত প্রশ্নকে কেন্দ্র করেই ইউনাইটেড সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।


