Bengal Liberty : ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ফের জয়ের মুখ দেখল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার সল্টলেক স্টেডিয়ামে পাঞ্জাব এফসিকে ২-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল মোহনবাগান।
শুরুতেই গোল করে এগিয়ে পাঞ্জাব
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে পাঞ্জাব এফসি। যার সুফলও তারা পেয়ে যায় ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে। কনসাম সানাথোই সিংয়ের পাস থেকে গোল করে পাঞ্জাবকে এগিয়ে দেন আলফ্রেড প্লানাস। শুরুতেই গোল হজম করে কিছুটা চাপে পড়ে যায় মোহনবাগান।
লি ও দ্রাজিকের গোলে প্রত্যাবর্তন
তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মোহনবাগান। ম্যাচের ১৮ মিনিটে অনিরুদ্ধ থাপার পাস থেকে দুরন্ত শটে গোল করে সমতা ফেরান লি আরউইন। এরপর ধীরে ধীরে ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালায় সবুজ-মেরুন ব্রিগেড।
আরও খবর
প্রথমার্ধের ৪২ মিনিটে ব্যক্তিগত দক্ষতায় দুরন্ত গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন দেজান দ্রাজিক। তাঁর নেওয়া শট পাঞ্জাবের বিজয় ভার্গিসের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। ফলে প্রথমার্ধের শেষে ২-১ গোলে এগিয়ে থাকে মোহনবাগান।
দ্বিতীয়ার্ধে লড়াই, শেষ হাসি মোহনবাগানের
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায় পাঞ্জাব এফসি। একের পর এক আক্রমণে মোহনবাগানের রক্ষণভাগকে চাপে ফেলে দেয় তারা। গোলের সুযোগও তৈরি হয়। তবে গোলরক্ষক বিশাল কাইথের একাধিক গুরুত্বপূর্ণ সেভ এবং রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত নিজেদের লিড ধরে রাখতে সক্ষম হয় মোহনবাগান।
শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে সবুজ-মেরুন শিবির। এই জয়ের ফলে লিগে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিজেদের ঝুলিতে ভরল মোহনবাগান।
দর্শকহীন গ্যালারি
এমজি ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার পর থেকেই প্রতিটি ম্যাচে দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমবারের জন্য সনি, সনি লিভ এবং ইউটিউবেও বিনামূল্যে আইএসএলের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। সেখানেও প্রতি ম্যাচে বিপুল সংখ্যক ভিউ হচ্ছে। কিন্তু এত উদ্দীপনা সত্ত্বেও দর্শকশূন্য গ্যালারির সামনেই খেলতে হচ্ছে ফুটবলারদের। টিকিটের দামও একেবারে নাগালের মধ্যে। তা হলে কেন গ্যালারির এই বেহাল দশা? তা নিয়েই উঠছে প্রশ্ন। আগামী ম্যাচগুলিতে কি বদলাবে গ্যালারির ছবি? এখন সেটাই দেখার।


