Youth Olympics
Youth Olympics

ইতিহাসের পাতায় সেনেগাল! আফ্রিকার মাটিতে প্রথমবার অলিম্পিকের আসর

Bengal Liberty : ইতিহাসের নতুন অধ্যায় রচিত হল আফ্রিকার মাটিতে। প্রথমবারের জন্য অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার আসর বসল আফ্রিকা মহাদেশে। গত ৩১ অক্টোবর শনিবার সেনেগালের দিয়ামনিয়াদিওতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল ডাকার যুব অলিম্পিক্স ২০২৬। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আফ্রিকার ক্রমবর্ধমান গুরুত্বের মাঝে এই প্রতিযোগিতাকে ঘিরে তৈরি হয়েছে নতুন উন্মাদনা।

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে নজর কাড়ল আফ্রিকান সংস্কৃতি

সেনেগালের রাজধানী ডাকারের কাছে অবস্থিত আবদুলায়ে ওয়াদে স্টেডিয়ামে আয়োজিত হয় এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। হাজারেরও বেশি শিল্পীর পরিবেশনা, ঐতিহ্যবাহী নৃত্য, ঢাক-ঢোলের ছন্দ এবং আফ্রিকার সাংস্কৃতিক বৈচিত্র্যের মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান। পশ্চিম আফ্রিকার লোককথা, সংগীত এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানকে অন্য মাত্রা দেয়। সেনেগালের রাষ্ট্রপতি বাসিরু দিওমায়ে ফায়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কার্স্টি কভেন্ট্রিও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন।

এই যুব অলিম্পিক্সে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিচ্ছেন প্রায় ২,৭০০ জন তরুণ ক্রীড়াবিদ। ২০৪টি জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিদের পাশাপাশি থাকছে যুব শরণার্থী অলিম্পিক দলও। ১৪ থেকে ১৭ বছর বয়সি ক্রীড়াবিদদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ২৫টি ক্রীড়া বিভাগে হবে পদকের লড়াই। পাশাপাশি থাকছে ১০টি এনগেজমেন্ট স্পোর্টস এবং বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি।

৩১ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। ডাকার, দিয়ামনিয়াদিও এবং সালিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২০১০ সালে সিঙ্গাপুরে প্রথম গ্রীষ্মকালীন যুব অলিম্পিক্স অনুষ্ঠিত হওয়ার পর এটি এই প্রতিযোগিতার চতুর্থ সংস্করণ।

প্রথমবার আফ্রিকার মাটিতে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন শুধু সেনেগালের কাছেই নয়, গোটা আফ্রিকা মহাদেশের কাছে এক গর্বের মুহূর্ত। তরুণ প্রতিভাদের মঞ্চ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আফ্রিকার নতুন সম্ভাবনার দরজাও খুলে দিতে পারে ডাকার যুব অলিম্পিক্স ২০২৬।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।