Bengal Liberty : ফুটবল মাঠে তাঁর পায়ের জাদু আজও ভোলেননি দর্শকবৃন্দ। একসময় যাঁর দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিল গোটা ফুটবল বিশ্ব, সেই ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রিকার্ডো কাকা এবার জায়গা করে নিলেন এসি মিলানের হল অফ ফেমে। শনিবার, ৩১ অক্টোবর, ইন্টার মিলানের বিরুদ্ধে ডার্বি ম্যাচের আগে সান সিরোতে বিশেষ সম্মানে ভূষিত করা হল প্রাক্তন এই তারকা ফুটবলারকে।
এদিন প্রিয় ক্লাবের মাঠে কাকাকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য সমর্থক। দর্শকদের ভালোবাসা ও করতালিতে আবেগপ্রবণ হয়ে পড়েন ব্রাজিলের এই প্রাক্তন তারকা। ক্লাবের তরফে তাঁকে হল অফ ফেমে অন্তর্ভুক্তির স্মারক সম্মান তুলে দেন এসি মিলানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ড্যানিয়েলে মাসসারো।
উল্লেখ্য, এসি মিলানের হয়ে দুই দফায় খেলেছেন কাকা। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রথম দফায় এবং ২০১৩-১৪ মরশুমে দ্বিতীয় দফায় ক্লাবের জার্সিতে মাঠে নামেন তিনি। মিলানের হয়ে মোট ৩০৭টি ম্যাচে ১০৪টি গোল ও ৮১টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে।
আরও খবর
কাকার কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য আসে ২০০৭ সালে। সেই বছর এসি মিলানের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি ব্যালন ডি’অর এবং ফিফা বর্ষসেরা ফুটবলারের সম্মানও অর্জন করেন তিনি। ২০০৬-০৭ চ্যাম্পিয়ন্স লিগে ১০টি গোল করে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
এসি মিলানের সমর্থকদের বিশ্বব্যাপী ভোটে ২০২৬ সালের হল অফ ফেমের মিডফিল্ডার বিভাগে নির্বাচিত হন কাকা, কার্লো আনচেলত্তি ও রুড গুলিট। আর এবার সান সিরোর বুকে বিশেষ সম্মান গ্রহণের মধ্য দিয়ে আরও একবার প্রমাণিত হল, রোসোনেরি সমর্থকদের হৃদয়ে কাকার জায়গা আজও অপরিসীম।


