Suvendu Adhikari
‘দিমাগি নকশাল, পরিবারবাদীদের উপড়ে ফেলতে হবে’, কলকাতার সভা থেকে হুঙ্কার শুভেন্দুর

‘দিমাগি নকশাল, পরিবারবাদীদের উপড়ে ফেলতে হবে’, কলকাতার সভা থেকে হুঙ্কার শুভেন্দুর

Bengal Liberty : দিমাগি নকশাল, জেহাদি, জঙ্গি, মাওবাদী, পরিবারবাদী ও ভ্রষ্টাচারীদের উপড়ে ফেলার কাজ আমাদের করতে হবে। আরশোলা, ছারপোকা এবং টুকরে টুকরে গ্যাং থেকে সাবধান থাকবেন।’ সোমবার কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ পদযাত্রা শেষে ধর্মতলার সভামঞ্চ থেকে এভাবেই আক্রমণাত্মক সুরে বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্যে বিশেষভাবে উঠে এল ‘দিমাগি নকশাল’ এবং ‘আরশোলা-ছারপোকা’ প্রসঙ্গ। বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানানোর পাশাপাশি আগামী কলকাতা পুরনিগমের নির্বাচনেও তাদের যোগ্য জবাব দেওয়ার ডাক দেন তিনি।

এদিনের কর্মসূচিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন-সহ রাজ্যের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারীর দাবি, কলকাতার বিভিন্ন এলাকা থেকে ২৫ হাজারেরও বেশি মানুষ এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। দীপাবলির আগে সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদারেরাও কেন্দ্রীয় সভাপতিকে স্বাগত জানিয়েছেন বলে জানান তিনি।

বিরোধী জোটকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি থেকে বাঁচতে, জেলে যাওয়া এড়াতে, পরিবারতন্ত্র টিকিয়ে রাখতে এবং তোষণের রাজনীতি বজায় রাখতেই বিজেপি-বিরোধীরা একজোট হয়েছে। তাঁর বক্তব্য, ২০২৬ সালে ২ কোটি ৯২ লক্ষ ভোট পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই জনসমর্থনকে সামনে রেখেই আগামী দিনের রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।

SIR প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘SIR মানে অনুপ্রবেশকারীদের সরাও, অরাজকতা হটাও।’ একইসঙ্গে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিরোধিতাকারীদেরও নিশানা করেন তিনি।

উল্লেখ্য, রবিবার দিল্লির রামলীলা ময়দানে SIR-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জনসভা করেছে কেন্দ্রের বিরোধী INDIA জোট। সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা ভোটে হারিনি, আমাদের জোর করে হারানো হয়েছে।’ এর পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আজ মিছিলে মানুষের যে উচ্ছ্বাস দেখলাম, তাতে আগামী দিনেও মানুষ বিজেপির সঙ্গে থাকবে, তা প্রমাণিত। আসন্ন কলকাতা ও হাওড়া পুরভোটে বিরোধীদের যোগ্য জবাব দেব আমরা।’

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।