‘দিল্লি চলো’র ডাক ভারতীয় মজদুর সংঘের
‘দিল্লি চলো’র ডাক ভারতীয় মজদুর সংঘের

কমার্শিয়াল গাড়ির চালক ও টোলকর্মীদের সুরক্ষায় ১১ দফা দাবি, ‘দিল্লি চলো’র ডাক ভারতীয় মজদুর সংঘের

যোগেশ শর্মা জানান, কেন্দ্রীয় সরকার চালকদের কল্যাণে ওয়েলফেয়ার বোর্ড তৈরি করলেও তার আওতায় সমস্ত কমার্শিয়াল গাড়ির চালক এবং তাঁদের পরিবারকে আনতে হবে। পাশাপাশি, বার্ষিক ৩৫০০ টাকার ফাস্ট্যাগ ব্যবস্থায় কমার্শিয়াল গাড়িগুলিকেও অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে। ভোটের সময় অনেক চালককে কাজের প্রয়োজনে নিজের রাজ্যের বাইরে থাকতে হয়। তাই তাঁদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা করার দাবিও উঠেছে। ৬ ফেব্রুয়ারিকে জাতীয় চালক দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাবও দিয়েছে সংগঠন।

এছাড়া অটো ও ই-রিকশাচালকদের লাইসেন্সের আওতায় এনে তাঁদের আইনি ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বাণিজ্যিক কাজে ব্যবহৃত বাইক-সহ সমস্ত ভাড়ার গাড়িকে হলুদ নম্বর প্লেটের আওতায় আনার প্রস্তাবও রয়েছে। জাতীয় সড়কে প্রতি ৫০ কিলোমিটার অন্তর চালকদের জন্য বিশ্রামাগার এবং সরকারি ক্যান্টিন তৈরির দাবিও জানিয়েছে সংগঠন।

সংগঠনের অভিযোগ, মহিলাদের ও প্রবীণদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালুর ফলে বেসরকারি বাস, অটো এবং অন্যান্য পরিবহণকর্মীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তেলঙ্গানায় আর্থিক সঙ্কটের কারণে ১০০ জন চালকের আত্মহত্যার প্রসঙ্গ তুলে চালকদের বছরে ১২ হাজার টাকা আর্থিক সাহায্য এবং মাসে এক হাজার টাকা বোনাস দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, সারা দেশে অভিন্ন পরিবহণ নীতি চালুর প্রস্তাবও রয়েছে।

যোগেশ শর্মা জানান, আগামী ১৯ নভেম্বর কেন্দ্রীয় সরকারের পরিবহণ ও শ্রম দফতরের কাছে চালক এবং পরিবহণ শ্রমিকদের সুরক্ষার দাবিতে আন্দোলনে নামবেন তাঁরা। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই দেশের বিভিন্ন প্রান্তের চালক ও শ্রমিকদের ‘দিল্লি চলো’র ডাক দেওয়া হয়েছে। তাঁদের দাবি, ১১ দফা দাবি কার্যকর হলে দেশের পরিবহণ শ্রমিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত হবে।

Bengal Liberty