পরিকল্পনা হাওড়া পুরসভা
পরিকল্পনা হাওড়া পুরসভা

পথ কুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল ও অ্যাম্বুল্যান্স তৈরির পরিকল্পনা হাওড়া পুরসভার

অগ্নিমিত্রা পাল জানান, পথ কুকুরদের জন্য নির্দিষ্ট জায়গায় খাবারের ব্যবস্থা করা হবে। এর ফলে যত্রতত্র খাবার ছড়িয়ে দেওয়া বা রাস্তার মধ্যে কুকুরদের খাবার দেওয়ার সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছে পুরসভা। পাশাপাশি, শহরের পথ কুকুরদের নির্বিজকরণের কাজও করা হবে। এই উদ্দেশ্যে একটি বেসরকারি সংস্থার সঙ্গে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষর করেছে পুরসভা। নির্বিজকরণের পাশাপাশি কুকুরদের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থার উপরেও জোর দেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, আগামী দিনে পথ কুকুরদের জন্য একটি বিশেষ হাসপাতাল এবং অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। অসুস্থ বা দুর্ঘটনাগ্রস্ত কুকুরদের দ্রুত চিকিৎসার আওতায় আনতেই এই উদ্যোগ। পাশাপাশি, পথ কুকুরদের মৃতদেহ সৎকারের জন্য বৈদ্যুতিক চুল্লিযুক্ত শ্মশানঘাট তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। এর ফলে শহরে পথ কুকুরদের পরিচর্যা ও ব্যবস্থাপনায় আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছে পুর কর্তৃপক্ষ।

শুধু পথ কুকুর নয়, শহরের পাখিদের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। তাঁর পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন গাছে পাখিদের জন্য খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে শহরের জীববৈচিত্র্য রক্ষা এবং পাখিদের প্রতি যত্নশীল পরিবেশ গড়ে তোলার চেষ্টা হবে।

এদিন হাওড়া পুরসভা এলাকায় আরও কয়েকটি কর্মসূচিতেও অংশ নেন অগ্নিমিত্রা পাল। পুরসভার এই উদ্যোগকে শহরের পশুপাখিদের প্রতি দায়িত্বশীল নাগরিক পরিকাঠামো গড়ে তোলার একটি পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

Bengal Liberty