Bengal Liberty : লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ভ্যালেন্সিয়ার ঘরের মাঠ মেস্তাল্লায় কার্যত দাপট দেখিয়ে ৩-০ গোলে জয় তুলে নিল লস ব্লাঙ্কোসরা। দলের হয়ে গোল করলেন ফেদেরিকো ভালভার্দে, আরদা গুলের এবং কিলিয়ান এমবাপে । অন্যদিকে, ম্যাচের শেষদিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভ্যালেন্সিয়ার অধিনায়ক হোসে গায়াকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় রিয়াল মাদ্রিদকে। তবে প্রথমদিকে গোলের সুযোগ তৈরি করেছিল ভ্যালেন্সিয়াও। কিন্তু রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়তায় গোলের মুখ খুলতে পারেনি তারা।
এরপর ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এমবাপে ফ্রি-কিক প্রতিপক্ষের রক্ষণে আটকে ফিরে এলে ফিরতি বল থেকে দুরন্ত শটে জালে বল জড়িয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। ১-০ গোলে এগিয়ে যায় মাদ্রিদ।
আরও খবর
এর ঠিক আট মিনিট পর অর্থাৎ ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তুরস্কের তরুণ তারকা আরদা গুলের। জুড বেলিংহ্যামের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন তিনি। প্রথমার্ধের শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধেও নিজেদের আক্রমণের ঝাঁজ বজায় রাখে মোরিনহোর দল। একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও তৃতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ৭৫ মিনিট পর্যন্ত।
এবার আরদা গুলেরের পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন কিলিয়ান এমবাপে। ম্যাচের ৭৯ মিনিটে এমবাপে ফাউল করার জন্য সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভ্যালেন্সিয়ার অধিনায়ক হোসে গায়া। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিক দলকে। শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।


