Liverpool Vs Crystal Palace
Liverpool Vs Crystal Palace

ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে জয়ে ফিরল লিভারপুল, ৩-১ গোলে বাজিমাত অলরেডসের!

Bengal Liberty : ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের সরণিতে ফিরল লিভারপুল। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে দুরন্ত ফুটবল উপহার দিয়ে ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল অলরেডস। ঘরের মাঠে প্রতিপক্ষকে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল লিভারপুল। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষ পর্যন্ত আক্রমণভাগের দাপটে বাজিমাত করল লিভারপুল।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য লিভারপুলকে বেশ চাপে রেখেছিল ক্রিস্টাল প্যালেস। একাধিক সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি তারা। অন্যদিকে ম্যাচের ৪০ মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের ফ্রি-কিক থেকে হেডে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় অলরেডস।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণের গতি বাড়ায় লিভারপুল। ম্যাচের ৫৪ মিনিটে ব্র্যাডলি বারকোলার পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান উইর্টজ। প্রিমিয়ার লিগে চলতি মরশুমে এটিই ছিল তাঁর প্রথম গোল। এরপর ম্যাচের ৮৯ মিনিটে উইর্টজের সহায়তায় গোল করে লিভারপুলের জয় কার্যত নিশ্চিত করেন আলেকজান্ডার ইসাক।

তবে ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ক্রিস্টাল প্যালেসের হয়ে ব্যবধান কমান এডি এনকেটিয়া। ৯০+৫ মিনিটে তাঁর করা গোলটি অবশ্য ম্যাচের ফলাফল বদলাতে পারেনি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। পরপর দুই ম্যাচে হারের ধাক্কা সামলে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে অলরেডস শিবিরের। অন্যদিকে টানা চতুর্থ লিগ ম্যাচে হারের মুখ দেখল ক্রিস্টাল প্যালেস।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।