১৫০ বছর পর লাল দুর্গে ফাটল ধরিয়ে কৃষ্ণাঙ্গ সেনেটর পেল মিসিসিপি!
১৫০ বছর পর লাল দুর্গে ফাটল ধরিয়ে কৃষ্ণাঙ্গ সেনেটর পেল মিসিসিপি!

১৫০ বছর পর লাল দুর্গে ফাটল ধরিয়ে কৃষ্ণাঙ্গ সেনেটর পেল মিসিসিপি!

Bengal Liberty : সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। পরপর ধাক্কায় জর্জরিত হওয়ার পর মধ্যবর্তী নির্বাচনেও পরাজয়ের শিকার ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। একের পর এক শক্তিশালী ঘাঁটিতে থাবা বসিয়ে দুর্দান্ত ফলাফল করেছে ডেমোক্রেটিক প্রার্থীরা। যেই ডেমোক্রেটিক প্রার্থীদের উদ্দেশ্যে বারবার হুঁশিয়ারি ছুড়ে দিয়েছিলেন ট্রাম্প, তাঁরাই আজ রিপাবলিকান প্রার্থীদের ভোটের ময়দানে কার্যত বলে বলে গোল দিয়েছেন।

পরাজয়ের মধ্যেও মিসিসিপি আসনকে ঘিরে খুবই আত্মবিশ্বাসী ছিলেন স্বয়ং ট্রাম্প। হুঙ্কার দিয়ে কার্যত বিরোধীদের উদ্দেশ্যে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু এবার সেই মিসিসিপি আসনটিও হাতছাড়া হয়ে গেল। ১৫০ বছর পর লাল দুর্গে ফাটল ধরিয়ে কৃষ্ণাঙ্গ সেনেটর পেল মিসিসিপি। বর্ণবৈষম্যের কালো ইতিহাসকে পেরিয়ে নতুন অধ্যায়ের সৃষ্টি করলেন ডেমোক্রেটিক প্রার্থী স্কট কোলোম। গৃহযুদ্ধের পর এই প্রথম মিসিসিপি থেকে কোনও কৃষ্ণাঙ্গ ব্যক্তি সেনেটর নির্বাচিত হলেন। ওয়াকিবহাল মহলের বক্তব্য, বর্ণবৈষম্যের দীর্ঘ ইতিহাস পেরিয়ে নয়া যুগের সূচনা হল আমেরিকার এই অঙ্গরাজ্যে।

৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশ হতেই একের পর এক অঙ্গরাজ্যে লাল থেকে রং পরিবর্তন করে নীল হয়ে যায়। কিন্তু মিসিসিপি থেকে আশা ছিলই যে, ট্রাম্পের কিছুটা হলেও মানসম্মান বজায় থাকবে। তবে ভোটের ফলাফল বের হতেই সমস্ত পরিসংখ্যান পাল্টে দিয়ে ডেমোক্রেটিক প্রার্থী স্কট কোলোম রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সিন্ডি হাইড-স্মিথকে পরাজিত করে নজির গড়লেন।

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৪ হাজার ৫৮৫ ভোটে ডেমোক্রেটিক প্রার্থী স্কট পরাজিত করেন রিপাবলিকান প্রার্থী স্মিথকে। এই ফলাফলের অর্থ হল, ১০০ সদস্যের সেনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫। তবে আমেরিকার অপর এক প্রদেশ আলাস্কায় এখনও গণনা চলছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর তথ্য অনুযায়ী, ৪৩ বছর বয়সি স্কটের প্রাপ্ত ভোটের হার ৪৯.২ শতাংশ। অন্যদিকে, স্মিথ পেয়েছেন ৪৮.৭ শতাংশ ভোট। নির্দল প্রার্থী পেয়েছেন ২.১ শতাংশ ভোট।

২০২৬ সালের নির্বাচনে ভরাডুবির পর ২০২৮ সালেও কি একই প্রবণতা বজায় থাকবে? নাকি সমালোচকদের জবাব দিয়ে আবারও ঘুরে দাঁড়াবেন ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টি? ভোটযুদ্ধের মধ্যবর্তী বিরতির মধ্যেই কি বিশেষ কোনও চমক অপেক্ষা করে আছে? সব মিলিয়ে মার্কিন রাজনীতিতে নির্বাচনী টানাপোড়েন অব্যাহত।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।