Bengal Liberty : ‘চাষের কাজে ক্রমাগত রাসায়নিক সারের ব্যবহার ধরিত্রী মাকে ধ্বংস করছি আমরা’। আক্ষেপের সুরে এমনটাই দাবি করে প্রাকৃতিক চাষের পক্ষে জোরালো সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া টুডে গ্রুপের ‘কিসান তক ভারত এগ্রিকালচার কনফারেন্স’-এ ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই রাসায়নিক সারের বিরুদ্ধ যুদ্ধ ঘোষণায় দেশের কৃষকদের উদ্বুদ্ধ করলেন তিনি।
চাষের জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি ও পরিবেশ। এই পরিস্থিতিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক চাষের দিকে এগিয়ে আসার জন্য কৃষকদের আহ্বান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, যেভাবে জমিতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে, তাতে ধরিত্রী মায়ের ক্ষতি হচ্ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এখনই আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। এইসঙ্গে জৈব চাষ ও প্রাকৃতিক চাষের মধ্যে পার্থক্যও তুলে ধরেন মোদি।
এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা যেভাবে রাসায়নিক পদার্থ ব্যবহার করছি, তা ধরিত্রী মাকে হত্যা করার সমান। আমরা তো তাঁরই সন্তান। অথচ আমাদের চোখের সামনেই নিজেদের মাকে হত্যা করছি আমরা!” তাঁর মতে, কৃষিজমিকে রাসায়নিকের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচানো অত্যন্ত জরুরি। তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।
প্রাকৃতিক চাষের পক্ষে অতীতেও বহুবার সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। এ দিনের সম্মেলনেও সেই একই বার্তা দেন তিনি। দু’দিনের এই সম্মেলনে প্রায় ২ হাজার কৃষক, কৃষিবিজ্ঞানী এবং কৃষি শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সার আমদানি ব্যাহত হয়েছে। এরপরও দেশের কৃষকদের জন্য সাশ্রয়ী দামে রাসায়নিক সার পৌঁছে দিতে বিপুল অর্থ খরচ করছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী জানান, গত ১২ বছরে সার ভর্তুকি বাবদ প্রায় ১৬ লক্ষ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। কৃষকদের উপর চাষের খরচের বোঝা কমাতেই এই অর্থ ব্যয় করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। কৃষিকাজে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার নিয়ে উদ্বেগের মধ্যেই প্রাকৃতিক চাষের পক্ষে প্রধানমন্ত্রীর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


