Jahangir Khan
জাহাঙ্গিরের বাড়ি ভাঙায় ফের হাই কোর্টের স্থগিতাদেশ

জাহাঙ্গিরের বাড়ি ভাঙায় হাই কোর্টের স্থগিতাদেশ, আপাতত বুলডোজার থামাল আদালত

শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ রাজ্যের কাছে জানতে চান, জাহাঙ্গির বর্তমানে জেলে রয়েছেন। তা হলে প্রশাসন কীভাবে নিশ্চিত হল যে বিতর্কিত বাড়িটি তাঁরই? বাড়ি ভাঙার আগে তাঁকে কোনও নোটিস দেওয়া হয়েছিল কি না, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। রাজ্যের তরফে জানানো হয়, স্থানীয় দু’জন ব্যক্তি বাড়িটি জাহাঙ্গিরের বলে চিহ্নিত করেছিলেন। প্রথমে ডাকযোগে নোটিস পাঠানো হয়। পরে বাড়ির দেওয়ালেও সেই নোটিস লাগিয়ে দেওয়া হয়েছিল বলে আদালতে দাবি করে রাজ্য। অন্যদিকে, জাহাঙ্গিরের আইনজীবী কিশোর দত্তের বক্তব্য, তাঁর মক্কেল ওই বাড়িটির কথা উল্লেখ করলেও সেখানে বসবাস করতেন না। তিনি অন্য একটি বাড়িতে থাকতেন। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সোমবার মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেন। তত দিন পর্যন্ত বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইতিমধ্যেই নাড্ডার কনভয়ে হামলা এবং ভোট-পরবর্তী হিংসার মতো একাধিক মামলায় অভিযুক্ত হন জাহাঙ্গির। ইতিমধ্যেই নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তারই মধ্যে, অভিযোগ ওঠে, সরকারি জমি দখল করে ওই বাড়ি তৈরি করেছিলেন জাহাঙ্গির। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের তরফে তাঁকে নোটিস পাঠিয়ে সাত দিনের মধ্যে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি না ভাঙায় প্রশাসন বুলডোজার অভিযান শুরু করে বলে অভিযোগ। সেই পদক্ষেপের বিরোধিতা করেই হাই কোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গির। এবার আদালতের অন্তর্বর্তী নির্দেশে আপাতত থামল সেই অভিযান।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।