কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল ? নতুন মুখ কারা ? বাড়ছে জল্পনা!
কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল ? নতুন মুখ কারা ? বাড়ছে জল্পনা!

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল ? নতুন মুখ কারা ? বাড়ছে জল্পনা!

Bengal Liberty : দীর্ঘ প্রায় ছ’মাসের জল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসেই কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? বিজেপির একটি সূত্রে এমনটাই খবর। রাজনৈতিক মহল সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী ২৩ নভেম্বর, অর্থাৎ সংসদের শীতকালীন অধিবেশন শুরুর ঠিক আগেই এই রদবদল হতে পারে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবং তরুণ প্রজন্মের মধ্যে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে এবার মন্ত্রিসভায় নতুন ও তরুণ মুখদের প্রাধান্য দেওয়া হতে পারে।

তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার দু’বছর পূর্ণ করেছেন নরেন্দ্র মোদি। অতীতের রীতি অনুযায়ী, মেয়াদের দু’বছর পর মন্ত্রিসভায় রদবদল করে থাকেন তিনি। তাছাড়া বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নীতিন নবীন দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই নিজের সাংগঠনিক টিম সাজিয়ে ফেলেছেন। এবার প্রশাসনিক স্তরেও নতুন দল গড়ার পালা।

সূত্রের দাবি, এবারের রদবদলে অন্তত ৭ থেকে ৮ জন নতুন সাংসদ মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। পাশাপাশি, কাজের নিরিখে শীর্ষস্তরের একাধিক বর্তমান মন্ত্রীর মন্ত্রক বদল বা ছাঁটাই হওয়ার সম্ভাবনাও প্রবল। নতুন মন্ত্রীদের তালিকায় যে নামগুলি নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে সেগুলি হল, তেজস্বী সূর্য, অনুরাগ ঠাকুর এবং বাঁশুরি স্বরাজ ও পর্দায় রামের ভূমিকায় অভিনয় করা সাংসদ অরুণ গোভিল। উত্তরপ্রদেশ নির্বাচনের কথা মাথায় রেখে গোরক্ষপুরের সাংসদ রবি কিষাণ এবং দিল্লির মনোজ তিওয়ারির নামও উঠে আসছে। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ। অন্যদিকে শিবসেনার বিদ্রোহী গোষ্ঠীর একজন প্রতিনিধি এবং পাঞ্জাবের রাজনীতিতে সমীকরণ বদলানো রাঘব চাড্ডার নামও জল্পনায় রয়েছে।

ছটপুজোর পরই আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ করানোর লক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র। আসন পুনর্বিন্যাস বিলটি সংবিধান সংশোধনী বিল হওয়ায় লোকসভায় তা পাশ করাতে দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৩৬২ জন সাংসদের সমর্থন প্রয়োজন। বর্তমানে এনডিএ জোটের হাতে রয়েছে ৩১৭ জন সাংসদ। ফলে এই বিল পাশ করাতে জোটের বাইরের দলগুলির সমর্থন জরুরি। রাজনৈতিক মহলের অনুমান, এনসিপি-র মতো দল সরাসরি এনডিএ শিবিরে যোগ দিলে তার পুরস্কারস্বরূপ তাদের প্রতিনিধিদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। তবে এনসিটি সরাসরি যোগ দেবে এখনও পর্যন্ত সেটি নিশ্চিত হয়নি। ​আর কেন্দ্র বা বিজেপির তরফে মন্ত্রিসভার রদবদল নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি। তবে উৎসবের মরশুম কাটতেই দিল্লির রাজনৈতিক অলিন্দে তৎপরতা তুঙ্গে উঠেছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।