Eastern Railway
জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে বাড়তি ট্রেন

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে বাড়তি ট্রেন, রাতভর চলবে একাধিক স্পেশাল

পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে ৮ জোড়া, বালি ও ব্যান্ডেলের মধ্যে ১ জোড়া এবং হাওড়া ও বর্ধমানের মধ্যে ১ জোড়া বিশেষ ইএমইউ ট্রেন চালানো হবে। সব ট্রেনই যাত্রাপথের প্রতিটি স্টেশনে থামবে। হাওড়া থেকে ব্যান্ডেলগামী ৮টি বিশেষ ট্রেন ছাড়বে বিকেল ৫টা ২০ মিনিট, রাত ৮টা, ৮টা ৩৫ মিনিট, ১১টা ৩০ মিনিট, রাত ১২টা ৩০ মিনিট, ১২টা ৫০ মিনিট, রাত ২টো ৩৫ মিনিট এবং ভোর ৩টে ৪৫ মিনিটে। ব্যান্ডেল থেকে হাওড়াগামী ট্রেনগুলি ছাড়বে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট, রাত ৯টা ২০ মিনিট, ৯টা ৫৫ মিনিট, ১১টা, রাত ১টা, ২টো, ২টো ৩০ মিনিট এবং ভোর ৪টেয়।

এছাড়া ০৩০৯৯ নম্বর হাওড়া-বর্ধমান স্পেশাল রাত ১টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে ভোর ৩টে ৫০ মিনিটে বর্ধমানে পৌঁছবে। ০৩০৯৮ নম্বর বর্ধমান-হাওড়া স্পেশাল রাত ১০টা ৩০ মিনিটে বর্ধমান থেকে ছেড়ে রাত ১টায় হাওড়ায় পৌঁছবে। বালি-ব্যান্ডেল রুটেও চলবে বিশেষ ট্রেন। ০৩০৯১ নম্বর বালি-ব্যান্ডেল স্পেশাল রাত ৯টা ৫০ মিনিটে বালি থেকে ছেড়ে রাত ১০টা ৪৫ মিনিটে ব্যান্ডেলে পৌঁছবে। অন্যদিকে, ০৩০৮৮ নম্বর ব্যান্ডেল-বালি স্পেশাল রাত ৮টা ১৫ মিনিটে ব্যান্ডেল থেকে ছেড়ে রাত ৯টা ১০ মিনিটে বালিতে পৌঁছবে।পাশাপাশি ৩৬০৮৭ নম্বর হাওড়া-মাসগ্রাম লোকালের যাত্রাপথ বর্ধমান পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ট্রেনটি। ফিরতি পথে ০৩০৯৬ নম্বর স্পেশাল হিসেবে বর্ধমান থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে রাত ১২টা ৩৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। এর ফলে ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৩৬০৮৮ নম্বর মাসগ্রাম-হাওড়া লোকাল বাতিল থাকবে।

বিশেষ ট্রেনের পাশাপাশি আরও তিনটি লোকালের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ১৫ থেকে ২১ নভেম্বর পর্যন্ত হাওড়া-বর্ধমান মেমু লোকাল হাওড়া ও ব্যান্ডেলের মধ্যবর্তী সমস্ত স্টেশনে থামবে। একইভাবে আজিমগঞ্জ-হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল ১৫ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ব্যান্ডেল ও হাওড়ার মধ্যে সব স্টেশনে থামবে। ব্যান্ডেল থেকে ট্রেনটি ছাড়বে রাত ১টা ২১ মিনিটে। অন্যদিকে, কাটোয়া-হাওড়া ইএমইউ লোকাল ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ব্যান্ডেল ও হাওড়ার মধ্যবর্তী সমস্ত স্টেশনে দাঁড়াবে। এদিকে, ১৫ নভেম্বর রবিবার হলেও হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চলাচলে বিশেষ ব্যবস্থা থাকছে। ওই দিন দুপুর ৩টে পর্যন্ত ইএমইউ লোকাল ট্রেনগুলি সাধারণ কর্মদিবসের সময়সূচি মেনেই চলবে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।