Bengal Liberty : মজুরি বৃদ্ধি, নির্দিষ্ট কর্মসময় এবং ওভারটাইমের দাবিতে আগামী সোমবার, ১৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বাঁকুড়া জেলার শ্যামদাসপুর আবগারি গোডাউনের লোডিং-আনলোডিং শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি ও উপযুক্ত কর্মপরিবেশের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত তার পূর্ণাঙ্গ সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই কর্মবিরতির পথে হাঁটতে হচ্ছে তাঁদের।
শ্রমিকদের দাবি, বর্তমানে প্রতি বাক্স লোডিং-আনলোডিংয়ের জন্য মাত্র ২ টাকা ৪০ পয়সা পারিশ্রমিক দেওয়া হয়। এই মজুরি বাড়িয়ে প্রতি বাক্সে ৫ টাকা করার দাবি জানিয়েছেন তাঁরা। একইসঙ্গে দৈনিক কর্মসময় আট ঘণ্টা নির্ধারণ এবং নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজের ক্ষেত্রে নিয়ম মেনে ওভারটাইম দেওয়ার দাবিও রয়েছে।
জানা গিয়েছে, এই দাবিগুলি নিয়ে সংশ্লিষ্ট সংস্থা ASKUS LOGISTICS, ASBOLUS GLOBAL, WESTWELL GASES এবং SHYAMDHAN TRADERS-এর কাছে একাধিকবার আবেদন জানানো হয়েছে। গত ৩ নভেম্বর আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করা হয়। পরবর্তীতে WESTWELL কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শ্রমিকদের দাবিগুলি তুলে ধরা হয়। কর্তৃপক্ষের তরফে বিষয়টি বিবেচনা করে সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত দাবিগুলির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি বলে শ্রমিকদের অভিযোগ।
আরও খবর
এই পরিস্থিতিতে সোমবার থেকে শ্যামদাসপুর আবগারি গোডাউনের লোডিং-আনলোডিংয়ের কাজ বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘটে বসার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা। ভারতীয় মজদুর সঙ্ঘের বাঁকুড়া জেলা সহ-সম্পাদক রুদ্রাক্ষ দত্ত জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য দাবির সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খোলা রয়েছে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।


