BJP
কাশীপুরে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ

সুকান্তের সামনেই বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ! ছটঘাটে হাতাহাতি, রক্তাক্ত কর্মী

Bengal Liberty : বিজেপির অন্দরে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। আর সেই সংঘর্ষের ঘটনা ঘটল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সামনেই। ছটপুজোর ঘাট পরিদর্শনকে কেন্দ্র করে কলকাতার কাশীপুরের ইন্দিরা ঘাটে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তুমুল বচসা। সুকান্ত মজুমদারকে কে ঘাট পরিদর্শন করাবেন, তা নিয়েই বিবাদের সূত্রপাত। পরে সেই বিবাদ গড়ায় হাতাহাতিতে। সংঘর্ষে কয়েক জন কর্মী আহত হয়েছেন বলে খবর। মাথা ফেটেছে এক কর্মীর।

শনিবার ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে কাশীপুর ও বেলগাছিয়া এলাকার একাধিক ঘাট পরিদর্শনে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রথমে রতনবাবু ঘাট পরিদর্শন করেন তিনি। এরপর পৌঁছন ইন্দিরা ঘাটে। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারি-সহ বিজেপির একাধিক নেতা ও কর্মী।

অভিযোগ, সুকান্ত মজুমদারকে ঘাট পরিদর্শন করানোর দায়িত্ব কারা পাবেন, তা নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত। স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশের দাবি, তাঁরা আগে থেকেই ঘাট পরিষ্কার করে সাজিয়ে রেখেছিলেন। কিন্তু ঘাট পরিদর্শনের কৃতিত্ব কারা পাবেন, তা নিয়ে দু’পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়। একে অপরকে কটাক্ষ করতে শুরু করেন দুই পক্ষের সদস্যরা। দু’পক্ষই নিজেদের আদি বিজেপি কর্মী বলে দাবি করতে থাকে। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

অভিযোগ, সুকান্ত মজুমদার ঘাট ছেড়ে চলে যাওয়ার পরেই বিবাদ চরমে ওঠে। দুই গোষ্ঠীর কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সংঘর্ষে একাধিক কর্মী আহত হন। মাথা ফেটে যায় এক কর্মীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। অর্থাৎ, ঘাট পরিদর্শনকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এল বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব।

উল্লেখ্য, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বারবার সতর্ক করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা যাঁরা করছেন, তাঁদের চিহ্নিত করে থানায় অভিযোগ দায়ের করার বার্তাও দিয়েছিলেন তিনি। কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ঘাট পরিদর্শনকে কেন্দ্র করে দলের দুই গোষ্ঠীর এই প্রকাশ্য সংঘর্ষে ফের প্রশ্নের মুখে পড়ল বিজেপির সাংগঠনিক ঐক্য।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।