Bengal Liberty : এখন থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকেও পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেই গণ্য করতে হবে। তাই কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক হাজার ফুটের মধ্যে মদের দোকান স্থাপন বা স্থানান্তর করা যাবে না। একটি গুরুত্বপূর্ণ মামলার রায়ে এমনটাই স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এক মদের দোকানের মালিকের আবেদন খারিজ করে একক বিচারপতির পূর্ববর্তী রায়ই বহাল রেখেছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলার সারাই তিনার গ্রাম পঞ্চায়েতের তিনার মৌজায় একটি ভাড়া বাড়িতে বিদেশি মদের দোকান চালাতেন মামলাকারী। পরে তিনি নিজের জমিতে দোকানটি সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেইমতো রাজ্যের আবগারি দফতরের কাছে অনুমতি চেয়ে আবেদন জানান।
কিন্তু প্রস্তাবিত জায়গাটির কাছাকাছি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকায় আবগারি দফতর সেই আবেদন খারিজ করে দেয়। কিন্তু দফতরের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যবসায়ী। এই বিষয়ে মামলাকারীর যুক্তি ছিল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের স্বীকৃত সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের সমতুল্য হিসেবে গণ্য করা যায় না। তাই সংশ্লিষ্ট এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপস্থিতিকে মদের দোকান স্থানান্তরের ক্ষেত্রে বাধা হিসেবে দেখানো উচিত নয়। যদিও আবেদনকারীর যুক্তিকে মান্যতা দেয়নি আদালত।
আরও খবর
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের প্রাক্-প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার সংক্রান্ত আইন এবং সংশ্লিষ্ট বিধির পরিপ্রেক্ষিতে এই কেন্দ্রগুলিকে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠানের আওতায় বিবেচনা করা যায়। উল্লেখ্য, ২০০৩ সালের পশ্চিমবঙ্গ আবগারি বিধির নিয়ম অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট দূরত্বের মধ্যে মদের দোকান স্থাপনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। আদালতের বক্তব্য, সেই বিধিনিষেধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।


