Bengal Liberty : পানিহাটিতে রাজনৈতিক অশান্তিকে কেন্দ্র করে মৃত্যু হল বিজেপি কর্মী অরূপ সাহার। বাজারে চলা বচসা ও ঝামেলা থামাতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পানিহাটির রাজনৈতিক পরিস্থিতি। ঘটনার পর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। পাশাপাশি বিজেপির উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলেছেন তিনি।
মৃত অরূপ সাহার স্ত্রী তথা বিজেপির পানিহাটি ১ নম্বর মণ্ডলের সম্পাদক রুমা সাহার অভিযোগ, বাজারে কয়েকজন যুবকের সঙ্গে এক ব্যবসায়ীর বচসা চলছিল। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিষয়টি তাঁর নজরে আসে। প্রথমে তিনি যুবকদের ঝামেলা না করে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে ফের খবর পেয়ে স্বামীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।
রুমার দাবি, সেখানে রাজদীপ, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননী-সহ প্রায় ৪০-৫০ জন যুবক উপস্থিত ছিলেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পায়েল তহশিলদার ও রাজা তহশিলদার তাঁর দিকে তেড়ে আসেন বলে অভিযোগ। স্ত্রীকে হেনস্থা হতে দেখে প্রতিবাদ করেন অরূপ। অভিযোগ, এরপরই রাজা তহশিলদার-সহ কয়েকজন যুবক তাঁকে বুকে ধাক্কা মেরে সরিয়ে দেন। প্রায় ২০-২৫ জন যুবক অরূপকে ঘিরে ধাক্কাধাক্কি করেন বলেও দাবি রুমার।
আরও খবর
ঘটনার পর থানায় ফোন করলেও পুলিশের তরফে তাঁকে সংশ্লিষ্ট পুলিশ কমিশনারেটের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে অরূপের শারীরিক অবস্থার অবনতি হয়। চোখ-মুখ উল্টে যাওয়া এবং কথা বলার ক্ষমতা হারানোর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রুমা। এই ঘটনায় বিজেপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে সরব হয়েছেন বিধায়ক রত্না দেবনাথ। তাঁর অভিযোগ, জেলা সভাপতি চণ্ডীচরণ রায় পানিহাটির ২৯টি ওয়ার্ডে নিজের পছন্দমতো কনভেনার নিয়োগ করেছেন। তাঁদের অনেকেই তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন বলে দাবি তাঁর। বিধায়িকার অভিযোগ, নতুন আসা কর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ তাঁর সঙ্গে জেলা নেতৃত্বের কোনও সমন্বয় নেই।
ঘটনায় রাজদীপ ও সুরজিৎ বিশ্বাস ওরফে ননীর নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিধায়িকা। একইসঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, অন্যায় করলে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধ অনুযায়ী শাস্তি হওয়া উচিত। রত্না দেবনাথ জানান, কয়েক দিন আগেই পানিহাটির পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন তিনি। এবার অরূপ সাহার মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। তবে অভিযোগগুলির বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনও সামনে আসেনি।


