Bengal Liberty : ফুটবল মাঠে ভারত – পাকিস্তান কিংবা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। তবে এবারের SAFF চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের পরাজয়ের পর সেই উত্তেজনা কার্যত সংঘর্ষের চেহারা নিল। ম্যাচের আগে থেকেই গ্যালারিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একাধিক বিতর্কিত টিফো প্রদর্শন করেছিলেন বাংলাদেশের সমর্থকরা। শুধু তাই নয়, ম্যাচ চলাকালীনও একাধিকবার সেই বিতর্কিত টিফো নজরে আসে। যার ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।
শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে SAFF চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। ঘরের মাঠে প্রায় ২২ হাজার দর্শকের সামনে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানও পাল্টা আক্রমণে একাধিকবার বিপজ্জনক হয়ে ওঠে। তবে নির্ধারিত সময়ের শেষদিকে বাংলাদেশের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবনের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৮৬ মিনিটে গোল করে যান আবদুল সামাদ শাহজাদ। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় ছিনিয়ে নিয়ে প্রথমবারের মতো SAFF চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।
তবে ম্যাচের আসল উত্তেজনা তৈরি হয় মাঠের বাইরের ঘটনাকে কেন্দ্র করে। পাকিস্তানের গোলের পর ক্ষুব্ধ বাংলাদেশের সমর্থকদের একাংশ গ্যালারি থেকে জ্বলন্ত ফ্লেয়ার ও আতশবাজি মাঠের মধ্যে ছুড়তে শুরু করেন। যার জেরে কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয় খেলা। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরীকেও সমর্থকদের শান্ত হওয়ার আবেদন জানাতে দেখা যায়।
আরও খবর
অন্যদিকে ম্যাচের শেষদিকে দুই দলের ফুটবলারদের মধ্যেও উত্তপ্ত বাক্যবিনিময় এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ম্যাচ শেষ হওয়ার পরেও উত্তেজনা কমেনি। গ্যালারির একাংশে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী
উল্লেখ্য, এই ম্যাচের আগে বাংলাদেশের সমর্থকদের প্রদর্শিত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত টিফো নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সেই টিফোয় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি সেনাদের পরাস্ত করার প্রতীকী ছবি তুলে ধরা হয়েছিল। ম্যাচের আগে ও চলাকালীন একাধিকবার এই প্রদর্শনী নজরে আসে। ফলে দুই দেশের রাজনৈতিক ইতিহাসের ছায়াও ফুটবল মাঠে স্পষ্ট হয়ে ওঠে।
একদিকে বাংলাদেশের ২১ বছর পর SAFF ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ, অন্যদিকে পাকিস্তানের ঐতিহাসিক ফাইনালে প্রবেশ। সব মিলিয়ে মাঠের ৯০ মিনিটের লড়াই ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে ঢাকার জাতীয় স্টেডিয়ামের অশান্ত পরিবেশ। আগামী ১৭ নভেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচ কে ঘিরে এমনিতেই চরচে উত্তেজনার পারদ। চির প্রতিদ্বন্ডিদের ম্যাচেও কী চোখে পড়বে রাজনৈতিক বিতর্ক? এই নিয়েই চলছে জল্পনা।


