শান্তিনিকেতনে পুলিশকে লক্ষ্য করে গুলি! মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যে এনকাউন্টারে মৃত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে লক্ষ্য করে গুলি! মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যে এনকাউন্টারে মৃত অভিযুক্ত রতন শেখ

শান্তিনিকেতনে পুলিশকে লক্ষ্য করে গুলি! মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যে এনকাউন্টারে মৃত অভিযুক্ত রতন শেখ

Bengal Liberty : রাজ্যে পঞ্চম এনকাউন্টার। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে অবশেষে এনকাউন্টারে মৃত্যু হল অভিযুক্ত রতন শেখের। বীরভূমের শান্তিনিকেতনে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। রবিবার নানুরের চারকোল ইটভাটা সংলগ্ন এলাকায় তল্লাশি চালানোর সময় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় রতনের। পরে তাকে বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার লাইক বাজার সংলগ্ন এলাকায় রতন শেখকে ধরতে অভিযান চালায় পুলিশ। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। তার ছোড়া গুলিতে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে আঘাত লাগে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রতন। প্রথমে আহত কনস্টেবলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার পর থেকেই পলাতক ছিল রতন। ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও তার খোঁজ না মেলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা। শুক্রবার বিকেলে বর্ধমান মেডিক্যাল কলেজে আহত কনস্টেবলের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “আমার পুলিশের গায়ে হাত দিলে আমি চুপ করে থাকব না।”

এরপর রবিবার রতনের খোঁজে নানুরের চারকোল ইটভাটা সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সূত্রের খবর, সেই সময় পুলিশকে লক্ষ্য করে ফের গুলি চালায় অভিযুক্ত। পাল্টা জবাব দেয় পুলিশও। দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয় রতন শেখের বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।