ছমাসে পাঁচ এনকাউন্টার! সরকারকে বিঁধল সিপিএম-কংগ্রেস-মমতা তৃণমূল, অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ছমাসে পাঁচ এনকাউন্টার! সরকারকে বিঁধল সিপিএম-কংগ্রেস-মমতা তৃণমূল, অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ছমাসে পাঁচ এনকাউন্টার! সরকারকে বিঁধল সিপিএম-কংগ্রেস-মমতা তৃণমূল, অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Bengal Liberty : ছমাসে পাঁচটি এনকাউন্টার। অপরাধ দমনে পুলিশের কড়া পদক্ষেপ, নাকি বিচারব্যবস্থার বাইরে গিয়ে শাস্তি দেওয়ার প্রবণতা? শান্তিনিকেতনে পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখ পুলিশের গুলিতে নিহত হওয়ার পরেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। একের পর এক এনকাউন্টার নিয়ে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনায় সরব বিরোধীরা। অন্যদিকে, পুলিশের আত্মরক্ষার অধিকার এবং দুষ্কৃতী দমনে কড়া অবস্থানের পক্ষেই সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, গত ৮ জুলাই রাজ্যে প্রথম এনকাউন্টারটি ঘটে। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হন। পুলিশের দাবি ছিল, ঘটনার পুনর্নির্মাণের সময় আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করলে পাল্টা গুলি চালানো হয়। এরপর ২৭ অক্টোবর গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যু হয় পুলিশের গুলিতে। একই দিনে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত সামিউল শেখও পুলিশের এনকাউন্টারে নিহত হন। দুই ঘটনাতেই পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্তরা পুলিশকে আক্রমণ করে। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় তাঁদের।

এরপর ৯ নভেম্বর রায়গঞ্জে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্যু হয় পুলিশের গুলিতে। আর রবিবার শান্তিনিকেতনে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের মৃত্যুতে রাজ্যে এনকাউন্টারের সংখ্যা দাঁড়াল পাঁচে। পুলিশের দাবি, নানুরে তল্লাশির সময় রতন গুলি চালালে পাল্টা গুলি চালায় পুলিশ।

এই ধারাবাহিক এনকাউন্টার নিয়েই প্রশ্ন তুলেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য, “দুষ্কৃতীদের অপরাধ সমর্থনের কোনও প্রশ্ন নেই। কিন্তু অপরাধের বিচারের জন্য বিচারব্যবস্থা রয়েছে। সরকারের কাজকর্ম দেখে মনে হচ্ছে, আইন-আদালতের আর কোনও প্রয়োজন নেই!” তাঁর আরও বক্তব্য, “আদালতের বাইরে বিচারের দায়িত্ব যদি সরকার নিজের হাতে তুলে নেয়, সেটা বিপজ্জনক প্রবণতা।” এনকাউন্টারকে সমর্থন করার আগে ভবিষ্যতে সেই বিপদ নিজের দিকেও আসতে পারে—তা ভেবে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি।

একই সুর কংগ্রেসের মুখপাত্র সুমন রায় চৌধুরীর গলাতেও। তাঁর বক্তব্য, “পুলিশকে আক্রমণ করা অত্যন্ত গুরুতর অপরাধ। তবে গ্রেফতার করতে গেলে অভিযুক্তকে গ্রেফতার করাই পুলিশের দায়িত্ব। সঠিক তদন্ত করে আদালতে রিপোর্ট পেশ করতে হবে। রাজনৈতিক চাপ থাকলে তা দুর্ভাগ্যজনক।” তাঁর কথায়, “আমরা পশ্চিমবঙ্গকে এনকাউন্টার স্টেট হিসেবে দেখতে চাই না।” অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষেই সওয়াল করেছেন তিনি। মমতা তৃণমূলের বিধায়ক বৈশ্বানর চট্টোপাধ্যায়ের মন্তব্য, “সরকার যদি সব সিদ্ধান্ত নেন, তাহলে বিচারব্যবস্থা রক্ষা করতে এত টাকা ব্যয় করার কী প্রয়োজন?”

অন্যদিকে, বিরোধীদের সমালোচনার পাল্টা কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, “পুলিশকে গুলি করলে পুলিশ কি বাতাসা খাওয়াবে? পুলিশ নিজের আত্মরক্ষার জন্য পাল্টা পদক্ষেপ করবে না?” তাঁর আরও হুঁশিয়ারি, “পশ্চিমবঙ্গে একজন ধর্ষক, একজন গুন্ডাও থাকবে না। সবাই পালাও, বাংলাদেশে পালাও। এখানে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” অর্থাৎ, এনকাউন্টার নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখেও দুষ্কৃতী দমনে পুলিশের কড়া পদক্ষেপের পক্ষেই অনড় রাজ্য সরকার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।