Bengal Liberty : ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার প্রশাসনিক প্রক্রিয়ায় আপাতত বাধা রইল। বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আগামী ১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। রাজ্যের জমা দেওয়া ছবি সন্তোষজনক নয় বলে জানায় আদালত। পাশাপাশি, বাড়িটিকে বেআইনি বলে চিহ্নিত করার প্রক্রিয়া নিয়েও একাধিক প্রশ্ন তুলেছে আদালত।
নোটিস দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আদালতের
জেলবন্দি জাহাঙ্গির খান তাঁর বাড়ি ভাঙার প্রশাসনিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। গত শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেদিন আদালত জানিয়ে দিয়েছিল, সোমবার পর্যন্ত বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। একই সঙ্গে নোটিস দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের ভিডিও রেকর্ডিংও তলব করা হয়েছিল।
সোমবার মামলাটির ফের শুনানি হয়। রাজ্যের তরফে আদালতে কিছু স্থিরচিত্র জমা দেওয়া হয়। কিন্তু সেই ছবি দেখে সন্তুষ্ট হতে পারেনি আদালত। ফলে বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তত দিন পর্যন্ত বাড়ি ভাঙার কোনও কাজ করা যাবে না।
এ দিন বাড়িটিকে বেআইনি বলে চিহ্নিত করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে আদালত। বিচারপতি শুভ্রা ঘোষের পর্যবেক্ষণ, বাড়িতে নোটিস দিতে যাওয়া ব্যক্তিরা ঠিক কোন বাড়িটি চিহ্নিত করেছিলেন, তা স্পষ্ট নয়। জমা দেওয়া ছবিতে শুধুমাত্র একটি কোলাপসিবল গেট দেখা যাচ্ছে। অন্যদিকে, নোটিস দেওয়ার ক্ষেত্রে প্রশাসন নির্দিষ্ট বিধি মানেনি বলে অভিযোগ করেছেন জাহাঙ্গিরের আইনজীবীরা। এই পরিস্থিতিতে বাড়ি ভাঙার পদক্ষেপ নিয়ে দু’পক্ষের কাছ থেকেই হলফনামা চেয়েছে হাই কোর্ট। আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি আরও বিস্তারিতভাবে বিবেচনা করবে আদালত।


