Bengal Liberty : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার নানা প্রতিকূলতা, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মুখে পড়তে হয় বাংলার বহু পরিযায়ী শ্রমিককে। কখনও কাজের অভাব, কখনও বঞ্চনা, আবার কখনও নিরাপত্তার অভাব। এই পরিস্থিতিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এবং নিজের এলাকাতেই কর্মসংস্থানের সুযোগ করে দিতে বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের শ্রম দফতর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের যৌথ উদ্যোগে প্রায় ২৩ লক্ষ পরিযায়ী শ্রমিকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বিশেষ এসএমএস। ওই বার্তার মাধ্যমে ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের নিজের গ্রামে ফিরে এসে ‘ভিবিজিরাম-জি’ প্রকল্পের আওতায় বছরে ১২৫ দিনের কাজের সুযোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে। শুধু তাই নয়, শ্রমিকদের পরিবারের সদস্যদেরও এই প্রকল্পের আওতায় আনার পাশাপাশি দ্রুত জবকার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বছরে ১২৫ দিনের কাজের সুযোগ
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের শ্রম দফতরের হাতে ইতিমধ্যেই ২২ লক্ষ ২৪ হাজার ৬০ জন পরিযায়ী শ্রমিকের বিস্তারিত তথ্য এসে পৌঁছেছে। সেই তথ্যভান্ডারকে কাজে লাগিয়েই চিহ্নিত শ্রমিকদের মোবাইলে বিশেষ এসএমএস পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বার্তায় তাঁদের ভিনরাজ্যের কর্মস্থল ছেড়ে নিজের গ্রামে ফিরে আসার এবং গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।সরকারি বার্তায় জানানো হয়েছে, ‘ভিবিজিরাম-জি’ প্রকল্পের আওতায় বছরে ১২৫ দিনের কাজের সুযোগ রয়েছে। গত ১ জুলাই থেকেই রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। শ্রমিকদের দক্ষতা অনুযায়ী দৈনিক মজুরির ব্যবস্থাও রাখা হয়েছে। সেই অনুযায়ী, অদক্ষ শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা, অর্ধদক্ষ শ্রমিকরা ৪৫০ টাকা এবং দক্ষ শ্রমিকরা দৈনিক সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত মজুরি পেতে পারেন।


