Bengal Liberty: “পালিয়েছে, পালিয়েছে, বিমান বসু পালিয়েছে!” কলেজ স্ট্রিটে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে ঘিরে এমনই স্লোগান তুলল ABVP-র ছাত্ররা। গত দু’দিন ধরেই উত্তপ্ত বইপাড়া। বামেদের বুক স্টলকে কেন্দ্র করে দুর্গাপুজোর সময় থেকেই চলছে নানা বিতর্ক। এবার সরাসরি কলেজ স্ট্রিটে SFI-এর বুক স্টল বসানো নিয়েই কার্যত হাতাহাতিতে জড়াল ABVP। বুধবার সকাল থেকে দুই ছাত্র সংগঠনের সংঘাত ঘিরে উত্তেজনার কেন্দ্র হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর। আর বিকেলে সেখানে পৌঁছন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তাঁকে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন ABVP-র ছাত্ররা।

গত দু’দিন ধরে বাঙালির ঐতিহ্যের বইপাড়া কার্যত রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। বুধবার SFI-এর বুক স্টল পরিদর্শনে যান বিমান বসু। তাঁর সঙ্গে ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। স্টল ঘুরে দেখার পাশাপাশি বুক স্টলে হামলার ঘটনার নিন্দা করেন বিমান বসু। সেই সময়ই রাস্তার উল্টো দিকে থাকা ABVP-র বুক স্টল থেকে স্লোগান শুরু হয়। বিমান বসুকে লক্ষ্য করে ‘গো ব্যাক, গো ব্যাক’, ‘পালিয়েছে, পালিয়েছে, বিমান বসু পালিয়েছে’ বলে চিৎকার করতে থাকেন ABVP সমর্থকরা।
এরপর গাড়িতে ওঠার সময়ও তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন ছাত্র সংগঠনের সদস্যরা। ‘গো ব্যাক’ স্লোগান নিয়ে প্রশ্ন করা হলে বিমান বসু বলেন, “গো ব্যাক! আমি তো এখানে থাকতে আসিনি। গো ব্যাক বলার দরকার কী! বই বিক্রি করতেও আসিনি আমি। আমার মিটিং আছে। এখনই যেতে হবে।”
আরও খবর
তবে শুধু বিমান বসুকে ঘিরে স্লোগান নয়, সকাল থেকেই বুক স্টল বসানোকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়ায়। SFI-এর অভিযোগ, মঙ্গলবার বুক স্টল তৈরিতে বাধা দেয় পুলিশ। এরপর রাস্তার উপর বসেই বই বিক্রি শুরু করলে ধরপাকড়ের মুখে পড়েন তাঁদের সমর্থকরা। বুধবার ফের একই জায়গায় বুক স্টল বসায় SFI। তাঁদের দাবি, জয়েন্ট সিপি-র অনুমতি নিয়েই এই স্টল তৈরি করা হয়েছে।
অন্যদিকে, একই জায়গায় বুক স্টল বসানোর দাবি জানিয়ে সেখানে পৌঁছয় ABVP। এরপর দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। SFI-এর ব্যানার ছিঁড়ে দেওয়া এবং কাঠের তৈরি বুক স্টলের কাঠামো সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ABVP-র বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। একদিকে SFI, অন্যদিকে ABVP এবং মাঝখানে পুলিশ—উত্তেজনা চরমে পৌঁছয়। পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়ান ABVP সদস্যরা। এমনকী রাস্তায় বসেও বিক্ষোভ দেখান তাঁরা। বিকেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।


