Bengal Liberty: প্রতিবাদের নামে হাসপাতাল ঘেরাও কিংবা চিকিৎসা পরিষেবার পরিবেশ বিঘ্নিত করা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কলকাতা মেডিক্যাল কলেজের আট জন ইন্টার্নকে কারণ দর্শানোর নোটিস পাঠানো নিয়ে এই কড়া বার্তাই দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। অধ্যক্ষের পদক্ষেপকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে তিনি স্পষ্ট করেছেন, নিয়ম মেনেই শো-কজের জবাব দিতে হবে ইন্টার্নদের। ঘেরাও বা অশান্তি কোনও সমস্যার সমাধান হতে পারে না।
চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনার রাতে হাসপাতালের পরিকাঠামো ও ওষুধের অভাব নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন কলকাতা মেডিকেল কলেজের আট জন ইন্টার্ন। সেই ঘটনার জেরে সৌম্যদীপ দে, আয়ুষ ঝা এবং অজিঙ্কা কুমার বর্মা-সহ আট জনকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের অভিভাবকদের কাছেও ইমেল করে বিষয়টি জানানো হয়েছে। এই পদক্ষেপ ঘিরে জুনিয়র চিকিৎসকদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আরজি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার ও অনিকেত মাহাতো একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছেন
বুধবার সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানান, অধ্যক্ষ একটি শিক্ষণ হাসপাতালের প্রশাসনিক প্রধান। জাতীয় চিকিৎসা কমিশনের (এনএমসি) নিয়ম মেনে তিনি কোনও পদক্ষেপ করে থাকলে, তা আইনের শাসনের মধ্যেই পড়ে। কারও বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠলে কারণ দর্শানোর নোটিস পাঠানোর অধিকার অধ্যক্ষের রয়েছে। সেই সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদের নামে ঘেরাও করে হাসপাতালের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা উচিত নয়। ইন্টার্নদের উদ্দেশে মন্ত্রীর বার্তা, তাঁদের জবাব দেওয়ার জন্য দু’ থেকে তিন দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে লিখিতভাবে নিজেদের বক্তব্য জানাতে হবে। তাঁর কথায়, শো-কজের উত্তর ঘেরাওয়ের মাধ্যমে দেওয়া যায় না। জুনিয়র চিকিৎসকদের কাছে তাঁর আবেদন, আইন আইনের পথেই চলুক এবং প্রতিবাদের নামে কোনও অশান্তি তৈরি করা উচিত নয়।
আরও খবর
হাসপাতাল সূত্রে খবর, নোটিসে মূলত দু’টি অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, চোরবাগানের ঘটনার রাতে ডিউটিতে থাকা সত্ত্বেও ইন্টার্নরা কর্তব্য পালন না করে সাংবাদিক বৈঠক করেছিলেন। দ্বিতীয়ত, হাসপাতালে ওষুধের মজুত এবং জীবনদায়ী ওষুধের অভাব নিয়ে সাংবাদিক বৈঠকে যে তথ্য দেওয়া হয়েছিল, তা ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
এদিন জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রক্তের গ্রুপে গরমিলের অভিযোগ নিয়েও মুখ খোলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, ঘটনার প্রাথমিক তদন্তের রিপোর্ট তাঁর হাতে এসেছে। ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এক রোগীর জন্য আনা ‘এ পজিটিভ’ রক্তের বদলে ভুল করে ‘এবি পজিটিভ’ রক্ত দেওয়ার প্রস্তুতি চলছিল বলে অভিযোগ করেছে রোগীর পরিবার। সময়মতো বিষয়টি নজরে আসায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়। কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছে পরিবার। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সেজন্য স্বাস্থ্য ভবন ও জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।


