নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

মন্ত্রীদের কাছে দু’মাস পর কাজের হিসাব নিলেন মোদি! নতুন করে দায়িত্ব বণ্টন? জল্পনা তুঙ্গে

প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠকে মন্ত্রীদের কাজের অগ্রগতির খতিয়ান নেওয়ার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। আর এই মূল্যায়নকে ঘিরেই রাজধানীর রাজনৈতিক মহলে নতুন জল্পনা—তবে কি মন্ত্রিসভায় রদবদলের প্রস্তুতি শুরু করে দিলেন প্রধানমন্ত্রী? কাজের নিরিখে মন্ত্রীদের পারফরম্যান্স খতিয়ে দেখার পর নতুন করে দায়িত্ব বণ্টনের পথে হাঁটতে পারেন মোদি?

এ দিনের বৈঠকের গুরুত্ব অবশ্য শুধুমাত্র প্রশাসনিক পর্যালোচনায় সীমাবদ্ধ নয়। সামনে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন এবং প্রশাসনিক কাজের গতি বাড়ানো সরকারের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। পাশাপাশি মন্ত্রীদের কাজের মূল্যায়নের রাজনৈতিক তাৎপর্যও যথেষ্ট। কে প্রত্যাশা পূরণ করেছেন, কোন মন্ত্রকে কাজের গতি আশানুরূপ নয়, কোথায় আরও উদ্যোগ প্রয়োজন—এই সব দিক খতিয়ে দেখেই ভবিষ্যতে মন্ত্রিসভায় রদবদলের অঙ্ক কষা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও মন্ত্রিসভায় রদবদল নিয়ে প্রধানমন্ত্রীর কোনও চূড়ান্ত সিদ্ধান্তের খবর এখনও নেই।
বৈঠকে মাদকবিরোধী অভিযান নিয়েও কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে কোনও রকম আপস করা যাবে না বলে মন্ত্রীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে বলতে গিয়ে আবেগপ্রবণও হয়ে পড়েন মোদি। একই সঙ্গে তাঁর বার্তা, মন্ত্রকের সাফল্য আর শুধুমাত্র কাগজে-কলমে বা পরিসংখ্যানে বিচার করা হবে না। সরকারের কাজের বাস্তব ফল দেখতে চান তিনি। সরকারি উদ্যোগে সাধারণ মানুষের জীবনে কতটা পরিবর্তন এসেছে, সেটাই হবে সাফল্যের আসল মাপকাঠি।

Bengal Liberty