Bengal Liberty : আইপিএল মানেই শুধু ক্রিকেটের লড়াই নয়, বরং কোটি কোটি টাকার ব্যবসা, একাধিক বড় বিনিয়োগ এবং ফ্র্যাঞ্চাইজিগুলির মালিকানা নিয়ে নানা সমীকরণ। এবার সেই আইপিএলের বাজারেই নতুন করে চর্চায় উঠে এল কলকাতা নাইট রাইডার্স (KKR)। জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল নাইট শিবিরের মালিকানা সংক্রান্ত এক বড় খবর। জানা যাচ্ছে, কেকেআরের অন্যতম কর্ণধার জয় মেহতা ফ্র্যাঞ্চাইজির নিজের মালিকানার অর্ধেক অংশ বিক্রি করতে চলেছেন মার্কিন বিনিয়োগকারী সংস্থা Ares Management-এর কাছে। আর এই চুক্তির অঙ্ক শুনলে কার্যত চোখ কপালে উঠবে ক্রিকেটপ্রেমীদের।
সূত্রের খবর অনুযায়ী, জয় মেহতা কেকেআরে তাঁর ৪৫ শতাংশ মালিকানার অর্ধেক অর্থাৎ ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছেন। যার আনুমানিক মূল্য প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় হিসেব করলে যার পরিমাণ প্রায় ৩,৭০০ কোটি টাকা। এই চুক্তি সম্পূর্ণ হলে কেকেআরের মোট বাজারমূল্য দাঁড়াবে প্রায় ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৬৩৪ কোটি টাকা।
উল্লেখ্য, বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের ৫৫ শতাংশ মালিকানা রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের সংস্থা Red Chillies Entertainment-এর হাতে। অন্যদিকে, জয় মেহতা ও তাঁর স্ত্রী অভিনেত্রী জুহি চাওলার সঙ্গে যুক্ত রয়েছে বাকি ৪৫ শতাংশ মালিকানা। এই চুক্তি সম্পন্ন হলে জয় মেহতার অংশীদারিত্ব কমে ২২.৫ শতাংশে দাঁড়াবে। অন্যদিকে, শাহরুখ খানের সংখ্যাগরিষ্ঠ মালিকানা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, কেকেআরের নিয়ন্ত্রণে কোনও পরিবর্তন হচ্ছে না, তবে নতুন এক বিদেশি বিনিয়োগকারী যুক্ত হতে চলেছে নাইট শিবিরের সঙ্গে।
আরও খবর
উল্লেখ্য, Ares Management আন্তর্জাতিক ক্রীড়া জগতেও পরিচিত একটি বিনিয়োগকারী সংস্থা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং আমেরিকার NFL-এর দল মিয়ামি ডলফিন্সের সঙ্গেও তাদের বিনিয়োগের যোগ রয়েছে। ফলে কেকেআরের মালিকানায় এই নতুন সংস্থার প্রবেশ আইপিএলের বাণিজ্যিক দুনিয়ায় যে আরও এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, তা বলাই বাহুল্য।


