Bengal Liberty : যাঁর কাঁধে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব, তাঁর বিরুদ্ধেই উঠল চুরির অভিযোগ। কসবার বাড়ি ফাঁকা থাকার সুযোগে গয়না ও নগদ টাকা চুরির ঘটনায় গ্রেফতার হলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। বৃহস্পতিবার রাতে যাদবপুরের বিজয়গড়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ। ধৃতের নাম চুমকি পাঁজা ওরফে প্রিয়াঙ্কা। বর্তমানে তিনি লালবাজারের বিল্ডিং ডিপার্টমেন্টে কর্মরত বলে জানা গিয়েছে। একজন মহিলা সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই পুলিশ মহলে শোরগোল পড়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ১৬ নভেম্বর কসবার বেদিয়াডাঙা ফার্স্ট লেনের বাসিন্দা দিপালী মাহাত চৌহানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই দিন দুপুর সাড়ে ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে বাড়ি থেকে নগদ তিন হাজার টাকা, একটি সোনার নাকছাবি, এক জোড়া রুপোর নূপুর এবং দু’টি রুপোর কোমরবন্ধ উধাও হয়ে যায়। বাড়ি ফিরে চুরির বিষয়টি বুঝতে পেরে কসবা থানায় অভিযোগ দায়ের করেন দিপালীদেবী।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীদের নজরে আসে ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের সন্দেহজনক উপস্থিতি। এরপর তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘক্ষণ জেরার পর বৃহস্পতিবার রাতে বিজয়গড়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
আরও খবর
তদন্তে আরও জানা গিয়েছে, বিজয়গড়ের ওই বাড়িতে এক বান্ধবীর সঙ্গে থাকতেন ধৃত মহিলা। অতীতে হরিদেবপুর থানায় কর্মরত ছিলেন তিনি। বর্তমানে লালবাজারের বিল্ডিং ডিপার্টমেন্টে দায়িত্ব সামলাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার হয়েছে। তবে নগদ তিন হাজার টাকা এখনও উদ্ধার করা যায়নি। পাশাপাশি, চুরির ঘটনায় ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ধৃতকে আলিপুর আদালতে পেশ করার কথা। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একজন মহিলা সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধেই চুরির অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পুলিশের অন্দরেও।


