Bengal Liberty : আগামী সপ্তাহে শুরু হচ্ছে রাস মেলা উৎসব। এই রাসমেলা উৎসব উপলক্ষে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন রুটে গভীর রাত পর্যন্ত বাস পরিষেবা চালু রাখবে উত্তরবঙ্গ পরিবহণ নিগম। রাত এগারোটা পর্যন্ত কোচবিহার জেলার বিভিন্ন রুটে বাস পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান অশ্বিনী কুমার রায় জানিয়েছেন, রাস মেলা উপলক্ষে যাতে কোচবিহার ও আলিপুরদুয়ারের মানুষ রাত এগারোটা পর্যন্ত যাতায়াত করতে পারে, তারজন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এনবিএসটিসি সূত্রে খবর, আলিপুরদুয়ারের জন্য বাস রাত এগারোটা পর্যন্ত চলবে। জোড়াইয়ের জন্য বাস রাত দশটা পর্যন্ত চলবে। মাথাভাঙার জন্য বাস এগারোটা পর্যন্ত, মেখলিগঞ্জ ও সিতাইয়ের জন্য বাস সাড়ে নয়টা পর্যন্ত চলবে। বক্সিরহাটের জন্য শেষ বাস ছাড়বে রাত দশটায়। পাশাপাশি দিনহাটা, তুফানগঞ্জ ও ফালাকাটার জন্য শেষ বাস রাত এগারোটায় ছাড়বে।
এবারে রাসমেলার সময় সাগরদিঘিতে আরতির সুবন্দোবস্ত থাকবে। উৎসবের সময় লেজার শো রাখারও ব্যবস্থা করা হয়েছে। শহরকে সাজিয়ে তুলতে বিশেষ উদ্যোগ করা হয়েছে। ইতিমধ্যে রাসমেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশের একটি দল মদনমোহনের বাড়ি ও রাসমেলা মাঠ পরিদর্শন করে। রাসমেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনো খামতি না থাকে, সেজন্য সতর্ক জেলা প্রশাসন।


