চোলাইয়ের ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ! ভাঙচুর পুলিশের গাড়ি, গঙ্গারামপুরে গ্রেফতার ২
চোলাইয়ের ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ! ভাঙচুর পুলিশের গাড়ি, গঙ্গারামপুরে গ্রেফতার ২

চোলাইয়ের ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ! ভাঙচুর পুলিশের গাড়ি, গঙ্গারামপুরে গ্রেফতার ২

Bengal Liberty : চোলাই মদের বেআইনি কারবারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের আমদা গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই এলাকার একাধিক বাড়িতে বেআইনিভাবে চোলাই মদের কারবার চলছিল বলে অভিযোগ। এর জেরে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত রাজ্য সরকারের চালু করা ১১২ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার সকালে আমদা গ্রামে অভিযান চালায় পুলিশ।

অভিযান চলাকালীন একাধিক বাড়ি থেকে চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। কিছু চোলাই মদ নষ্ট করার পাশাপাশি বাকিটা বাজেয়াপ্ত করেন পুলিশকর্মীরা। অভিযোগ, সেই সময়ই আচমকা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে কয়েকজন যুবক। হামলায় পুলিশের গাড়ির কাচ ভেঙে যায়। যদিও সৌভাগ্যবশত কোনও পুলিশকর্মী আহত হননি। ঘটনার সময় গাড়ির চালকও ভিতরে উপস্থিত ছিলেন।

এরপরই তৎপর হয় পুলিশ। ঘটনায় সুকুমার মুর্মু নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, চোলাই মদ তৈরির অভিযোগে এক মহিলাকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দু’জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাঁদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

উল্লেখ্য, পুলিশের উপর হামলার ঘটনায় প্রশাসনের কড়া অবস্থানের কথা আগেই জানিয়েছে রাজ্য সরকার। সেই আবহে চোলাইবিরোধী অভিযানে গিয়ে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে পুলিশি অভিযান চলাকালীন কীভাবে এমন হামলার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।