আইন ও সংবিধান রক্ষার দাবিতে পথে নামছে সিপিআই
আইন ও সংবিধান রক্ষার দাবিতে পথে নামছে সিপিআই

আইন ও সংবিধান রক্ষার দাবিতে পথে নামছে সিপিআই

Bengal Liberty : দেশের আইন, সংবিধান ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে বিজেপি শাসনের বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিল সিপিআই। আগামী ১ ডিসেম্বর কলকাতায় রাজভবন অভিযান এবং ৩ ডিসেম্বর উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষকে সঙ্গে নিয়ে উত্তরকন্যা অভিযানের কর্মসূচি ঘোষণা করেছে দলের পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ।বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি শাসনে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করা হচ্ছে।

কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও দ্রব্যমূল্যের মতো সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলি উপেক্ষিত থেকে যাচ্ছে। এর পাশাপাশি কর্পোরেট স্বার্থ, সাম্প্রদায়িক বিভাজন এবং বৈষম্যমূলক নীতির মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।এদিনের সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে সিপিআইয়ের রাজ্য সম্পাদক। তিনি বলেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে অপসারণ করে তাঁকে গ্রেফতার করতে হবে।

পাশাপাশি, জনপ্রতিনিধিত্ব আইনে এসআইআর নামে কোনও পৃথক সংস্থার উল্লেখ নেই। এই প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে বলেও অভিযোগ তাদের।এদিন দলের পক্ষ থেকে এসআইআর বাতিল, অবৈধভাবে বাদ পড়া বৈধ ভোটারদের নাম পুনরায় তালিকায় ফিরিয়ে আনা এবং নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও প্রধান বিচারপতিকে নিয়ে নির্বাচকমণ্ডলী পুনর্বহালের দাবি জানানো হয়েছে।এই দাবিগুলিকে সামনে রেখেই আগামী ১ ডিসেম্বর দুপুর ১টায় মৌলালির রামলীলা ময়দান থেকে শুরু হবে রাজভবন অভিযান এবং ৩ ডিসেম্বর উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।