ভোটারদের কাছ থেকে পুলিশ চাইছে নথি, উদ্বেগ প্রকাশ করে জ্ঞানেশ কুমারকে চিঠি সামিরুল ইসলামের
ভোটারদের কাছ থেকে পুলিশ চাইছে নথি, উদ্বেগ প্রকাশ করে জ্ঞানেশ কুমারকে চিঠি সামিরুল ইসলামের

ভোটারদের কাছ থেকে পুলিশ চাইছে নথি, উদ্বেগ প্রকাশ করে জ্ঞানেশ কুমারকে চিঠি সামিরুল ইসলামের

Bengal Liberty : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নাম বাদ পড়া ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র চাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুক্রবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।

এদিকে গোটা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠিতে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সামিরুল ইসলামের অভিযোগ, রাজ্যের একাধিক জেলায় পুলিশকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, জন্ম শংসাপত্র, অভিভাবকদের শিক্ষাগত নথি, জমির কাগজপত্র এবং ২০০২ সালের ভোটার তালিকার ক্রমিক নম্বর চাইছেন। কয়েকজন আবেদনকারীকে প্রয়োজনীয় নথি নিয়ে থানায় কিংবা বিশেষ শিবিরে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অথচ যে ফর্মের মাধ্যমে এই তথ্য চাওয়া হচ্ছে, তাতে কোনও সরকারি লেটারহেড বা সিলমোহর নেই। এমনকী, এই নির্দেশের বৈধতা সম্পর্কে জানতে চাইলেও পুলিশ স্পষ্ট কোনও ব্যাখ্যা দিচ্ছে না বলে অভিযোগ।

বুথ লেভেল অফিসারদের (বিএলও) কাছেও এই বিষয়ে কোনও নির্দেশ পৌঁছয়নি বলে দাবি করা হয়েছে। এই অভিযোগের উদাহরণ হিসেবে উত্তর ২৪ পরগনার ভাবাগাছি গ্রামের ঘটনা তুলে ধরেছেন সাংসদ। তাঁর দাবি, পুলিশের কাছে এই প্রক্রিয়ার সরকারি নির্দেশিকা দেখতে চাওয়ায় আনিসুর আলি খান নামে এক নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্যকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করে শিবদাসপুর থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মুক্তি পান। একই দিনে মহম্মদপুর-ভাবাগাছি এলাকায় প্রায় ৩৬০ জন ভোটারের নথি যাচাইয়ের সময় মানবাধিকার সংগঠন এপিডিআরের প্রতিনিধিরা সরকারি নির্দেশ দেখতে চাইলে পুলিশ কাজ অসম্পূর্ণ রেখেই এলাকা ছেড়ে চলে যায় বলে অভিযোগ।

সামিরুলের বক্তব্য, এই প্রক্রিয়ার নির্দেশ কে দিয়েছে, তা নিয়ে কমিশন, জেলা নির্বাচনী দফতর এবং পুলিশ, কেউই দায়িত্ব স্বীকার করছে না। কমিশন ও জেলাশাসকদের তরফে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি বলে জানানো হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, কার নির্দেশে এই নথি যাচাই চলছে? চিঠিতে ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টের অন্তর্র্বতী নির্দেশের কথাও উল্লেখ করেছেন তিনি।

তাঁর দাবি, আদালত আপিল ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো, নতুন জায়গার ব্যবস্থা এবং নাম অন্তর্ভুক্তির আবেদনগুলিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু বিচারাধীন আবেদনের ক্ষেত্রে রাজ্য পুলিশকে দিয়ে সমান্তরাল যাচাইয়ের কোনও অনুমতি দেওয়া হয়নি। সাংসদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এসআইআরের আওতায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে ২৭ লক্ষ ২৮ হাজার ৫০০ জনকে অযোগ্য এবং ৩২ লক্ষ ৭৭ হাজার ৩৬০ জনকে যোগ্য ঘোষণা করা হয়েছে।

১৯টি ট্রাইব্যুনালে জমা পড়েছে ৩৮ লক্ষ ৩১ হাজার আপিল। এর মধ্যে ২২ লক্ষ ২১ হাজার আবেদন নাম বাদ পড়া ভোটারদের। এই পরিস্থিতিতে কমিশনের কাছে চার দফা দাবি জানিয়েছেন সামিরুল। ২৪ ঘণ্টার মধ্যে নথি যাচাইয়ের নির্দেশ কমিশন দিয়েছে কি না, তা প্রকাশ্যে জানাতে হবে।

অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে সমস্ত ফর্ম ও নোটিশ প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ঘটনার তদন্ত, পঞ্চায়েত সদস্যের গ্রেফতারির বিষয়টি খতিয়ে দেখা এবং বিএলও ও ইআরওদের মাধ্যমে ভোটারদের বিভ্রান্তি দূর করার নির্দেশ দিতে হবে। কমিশনের নীরবতা সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক আরও বাড়াচ্ছে বলেই দাবি তৃণমূল সাংসদের। গত বুধবার রাতে এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।